৬৫ বিলিয়ন ডলারের ফুড জায়ান্ট গড়তে এক হলো ইউনিলিভার-ম্যাককরমিক

বিশ্বের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য প্রতিষ্ঠান ইউনিলিভারের খাদ্য ব্যবসাকে মসলা উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যাককরমিকের সঙ্গে একীভূত করার ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার ঘোষিত এ চুক্তির মাধ্যমে প্রায় ৬ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের বিশাল খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তৈরি হতে যাচ্ছে। খবর রয়টার্স।

২০২৫ সালের মার্চে ইউনিলিভারের দায়িত্ব নেয়ার পর এটি সিইও ফার্নান্দো ফার্নান্দেজের সবচেয়ে বড় ও সাহসী পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে গত বছর তিনি ইউনিলিভারের আইসক্রিম ব্যবসাকে আলাদা করেছিলেন, যার মধ্যে বেন অ্যান্ড জেরি’স ও ম্যাগনামের মতো জনপ্রিয় ব্র্যান্ড অন্তর্ভুক্ত ছিল। মূলত পার্সোনাল কেয়ার ও বিউটি ব্যবসার তুলনায় ইউনিলিভারের খাদ্য ইউনিটের প্রবৃদ্ধি কিছুটা পিছিয়ে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিসংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ১৯২৯ সালে প্রতিষ্ঠিত ইউনিলিভারের শিকড় জড়িয়ে আছে ১৮৬০ সালের মাখন ব্যবসার সঙ্গে। গত বছরও কোম্পানির ৫ হাজার ৫০ কোটি ইউরো বার্ষিক আয়ের চার ভাগের এক ভাগ এসেছিল এ বিভাগ থেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেনটি ‘রিভার্স মরিস ট্রাস্ট’ (আরএমটি) পদ্ধতিতে সম্পন্ন হবে, যা উভয় প্রতিষ্ঠানের জন্য কর সুবিধা নিশ্চিত করবে। চুক্তির শর্তানুযায়ী, ইউনিলিভার ও এর শেয়ারহোল্ডাররা নতুন গঠিত কোম্পানির ৬৫ শতাংশ মালিকানা লাভ করবে, যার আর্থিক মূল্য প্রায় ২ হাজার ৯১০ কোটি ডলার। পুরো চুক্তিতে ইউনিলিভারের খাদ্য ব্যবসার মূল্য ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৫০০ কোটি ডলার এবং ম্যাককরমিকের মূল্য ধরা হয়েছে ২ হাজার ১০০ কোটি ডলার। তবে ইউনিলিভারের ভারতের ব্যবসাগুলো এ চুক্তির বাইরে থাকবে। এদিকে এত বড় চুক্তির খবর সত্ত্বেও বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার লেনদেন শুরু হতেই ইউনিলিভারের শেয়ারদর ৩ শতাংশ কমে এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। অন্যদিকে ম্যাককরমিকের শেয়ারদর কমেছে প্রায় ৯ শতাংশ।

ইউনিলিভার জানিয়েছে, কোম্পানিটি এখন মূলত গৃহস্থালি ও রূপচর্চা এবং প্রসাধনী পণ্যের দিকেই বেশি মনোনিবেশ করতে চায়।

আরও