দেশে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ওপর প্রশিক্ষণ জরুরি —এফবিসিসিআইয়ের প্রশাসক

দেশে ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনসংক্রান্ত প্রশিক্ষণ জরুরি। এজন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হাফিজুর রহমান।

দেশে ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনসংক্রান্ত প্রশিক্ষণ জরুরি। এজন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হাফিজুর রহমান। আকিজ মোটরসের আয়োজনে গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি সম্মেলনে এ কথা বলেন তিনি।

এফবিসিসিআইয়ের প্রশাসক বলেন, ‘‌‌সাধারণত শিল্পপতিদের সন্তানদের আমরা বিদেশে বিলাসী জীবনযাপন করতে দেখি। কিন্তু আমি অবাক হই, যখন দেখি দেশের শিল্পক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিত্ব সেখ আকিজ উদ্দিনের সন্তানরা দেশে থেকে প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন।’

দেশে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ওপর প্রশিক্ষণ জরুরি মন্তব্য করে তিনি বলেন, ‘‌আমি আকিজ মোটরসের কাছে অনুরোধ করব, বাংলাদেশী কর্মীদের জন্য হাইব্রিড ও ইলেকট্রিক যানবাহনসংক্রান্ত প্রশিক্ষণের উদ্যোগ নিতে। কারণ দেশে এ-সংক্রান্ত প্রশিক্ষণের তেমন কোনো ব্যবস্থা আমার চোখে পড়েনি। কর্মীরা নিজের হাতে যানবাহন ভেঙে এখনো শিখছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোরও এ বিষয়ে গুরুত্ব দেয়া উচিত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. মোহাম্মদ শামসুল হক, আকিজ মোটরসের সিইও শেখ আমিন উদ্দিন এবং বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস।

অনুষ্ঠানে ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনে বিদ্যুতের চাহিদাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে আকিজের ইলেকট্রিক মোটরসাইকেলের ইনচার্জ তাওহীদুল ইসলাম তানভির বলেন, ‘‌চাহিদা অনুসারে বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা আসলে সরকারের ওপর নির্ভর করে। নতুন যেসব বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে, সেগুলো চালু হলে আশা করি বিদ্যুতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের মানুষ আরো বেশি ইলেকট্রিক বাহন ব্যবহার করতে পারবেন। এছাড়া আমাদের যানবাহনগুলোয় সৌরশক্তির মাধ্যমে সঞ্চিত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে। তাই গ্রাহকরা চাইলে সোলার প্যানেল ব্যবহার করেও ইলেকট্রিক ভেহিকলে চার্জ দিতে পারবেন।’

দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশ থেকে ইলেকট্রিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ইলেকট্রিক ভেহিকল ও অটোমোবাইল উদ্যোক্তা, প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন।

আরও