ফিউচার মার্কেটে ব্যবসায়িক লেনদেনের শেষদিন শুক্রবার জাপানি রাবারের দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চীনে রাবারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দাম বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া টোকিও শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা রাবার তৈরির উপকরণের চাহিদা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগস্টের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ৬ দশমিক ৫ ইয়েন বা ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩৪৯ দশমিক ৫ ইয়েনে।
সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) মে মাসের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ১১৫ ইয়েন বেড়ে ১৬ হাজার ৯৪০ ইয়েনে স্থির হয়েছে।
টোকিওর এক ডিলার বলেন, ‘সম্প্রতি জাপানি রাবারের দাম উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। তাই এটি বর্তমানে নিজস্ব গতিতে পুনরুদ্ধার ঘটছে।’
তিনি আরো বলেন, ‘আগামী সপ্তাহে ওএসইতে প্রাকৃতিক রাবারের দাম ৩৫৫ ইয়েন পর্যন্ত বাড়তে পারে। যদিও এ সময় চীনে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল্যবৃদ্ধিতে কিছুটা সীমাবদ্ধতা তৈরি করতে পারে।’
উল্লেখ্য, কোনো পণ্যের দাম যখন ন্যায্যমূল্যের তুলনায় কমে যায়, তখন স্বাভাবিক গতিতেই তা আবার পুনরুদ্ধার হয়।