পর্যাপ্ত মজুদ ও নিম্নমুখী চাহিদা

এশিয়ার স্পট মার্কেটে স্থিতিশীল এলএনজির দাম

এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে স্থিতিশীল ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম।

এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে স্থিতিশীল ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। পর্যাপ্ত মজুদ ও নিম্নমুখী চাহিদার কারণে বাজারে এ প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় নভেম্বরে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৫০ সেন্ট। এ সময় জ্বালানি পণ্যটির গড় দামে কোনো পরিবর্তন আসেনি।

এ বিষয়ে আইসিআইএসের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যালেক্স ফ্রোলি বলেন, ‘এক সপ্তাহ ধরে দাম সীমিত ওঠানামার মধ্যে ছিল। শীতের শুরুটা কেমন এবং মজুদ কতটা স্থায়ী হয়, ব্যবসায়ীরা সে অপেক্ষায় আছেন। যদি শীতের শুরুটা খুব বেশি ঠাণ্ডা না হয়, তাহলে পরবর্তী সময়ে আরো দরপতন হতে পারে।’

ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বাজার বিশ্লেষক ক্লাস ডোজম্যান জানান, এশিয়ার মজুদ এখনো পর্যাপ্ত রয়েছে। এছাড়া চীন-মার্কিন শুল্ক আলোচনা এখনো নিষ্পত্তি হয়নি। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে আশঙ্কা আরো বেড়েছে। অন্যদিকে চীনের শিল্প উৎপাদন মাঝারি প্রবৃদ্ধি দেখাচ্ছে। এসব কারণে চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে স্থিতিশীল ছিল এলএনজির দাম।

আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘‌ভারত চলতি সপ্তাহে দরপত্রের মাধ্যমে অন্তত পাঁচটি স্পট কার্গো কিনতে চাইছে। তবে আগামী বছর যুক্তরাষ্ট্রভিত্তিক স্বল্পমেয়াদি সরবরাহ চুক্তি কার্যকর হলে ভারতের স্পট চাহিদা কমতে পারে।’

ইউরোপেও এ সপ্তাহে দাম মোটামুটি স্থিতিশীল ছিল। নরওয়ের গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ বিঘ্ন দীর্ঘায়িত হওয়া এবং রাশিয়ার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনের নতুন নিষেধাজ্ঞা প্রস্তাব দাম স্থিতিশীল থাকার পেছনে ভূমিকা রেখেছে। ইউরোপিয়ান কমিশন সূত্র জানিয়েছে, রুশ এলএনজি আমদানি ২০২৭ সালের জানুয়ারি থেকে বন্ধ করার প্রস্তাব আনা হচ্ছে, যা আগের পরিকল্পনার চেয়ে এক বছর আগে কার্যকর হবে।

ফ্রোলি জানান, ইউরোপ শীত শুরুর আগেই মজুদ লক্ষ্যমাত্রা পূরণের পথে রয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্রের প্ল্যাকেমাইনস প্লান্ট থেকে সরবরাহ বাড়ছে, যা প্রায় দুই কোটি টন বার্ষিক সক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানিয়েছে, নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) আদর্শে অক্টোবরে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম দাঁড়িয়েছে ১০ ডলার ৯৫ সেন্টে, যা টিটিএফের (নেদারল্যাডসের একটি ভার্চুয়াল গ্যাস ট্রেডিং হাব) ভবিষ্যৎ সরবরাহ চুক্তির তুলনায় প্রায় ৬০ সেন্ট কম। আর্গাস এ দাম নির্ধারণ করেছে প্রতি এমএমবিটিইউয়ে ১১ ডলার। এ সময় স্পার্ক কমোডিটিস অক্টোবরের সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির চুক্তি মূল্যনির্ধারণ করেছে ১০ ডলার ৮৩ সেন্ট।

স্পার্ক কমোডিটিসের বিশ্লেষক কাসিম আফগান জানান, যুক্তরাষ্ট্র থেকে এশিয়ায় এলএনজি কার্গো পাঠানো এখনো ইউরোপমুখী রফতানির চেয়ে কম লাভজনক। ফলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় বাজারে এলএনজি পরিবহন ব্যয় টানা কমছে। আটলান্টিকে তা পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক ২৬ হাজার ৫০০ ডলারে নেমেছে। এ সময় প্রশান্ত মহাসাগরীয় পথে টানা চতুর্থ সপ্তাহের মতো কমে দাঁড়িয়েছে দৈনিক ২৮ হাজার ৭৫০ ডলারে।

আরও