যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা ক্রমেই জোরালো হয়ে উঠেছে। এর প্রভাবে আবারো ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজার। এর ধারাবাহিকতায় স্পট মার্কেটে রুপার দাম গতকাল ১৪ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল প্রতি আউন্স রুপার দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৪০ ডলার ৫৬ সেন্টে পৌঁছায়, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, সুদহার কমার সম্ভাবনার পাশাপাশি সরবরাহ সংকট রুপার দামে ঊর্ধ্বগতি ধরে রাখতে সহায়তা করছে।
তাদের মতে, বিশ্ববাজারে স্বর্ণের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় রুপায় বিনিয়োগ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি, সৌরশক্তি, ইলেকট্রনিকস ও চিকিৎসা সরঞ্জাম তৈরিতে ধাতুটির ব্যবহার ক্রমেই বাড়ছে। শিল্প খাতের চাহিদাও বেড়েছে। তবে বিশ্ববাজারে পণ্যটির সরবরাহ তেমন বাড়েনি। খনি থেকে সীমিত উত্তোলন ও নতুন খনন প্রকল্পে বিনিয়োগও কম। ফলে সরবরাহ সংকট তৈরি হয়েছে। চাহিদা ও সরবরাহের এ ভারসাম্যহীনতা রুপার দাম বাড়ার অন্যতম কারণ। বিশেষজ্ঞদের মতে, আগামী মাসগুলোয়ও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এর আগে ব্রিটিশ বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এইচএসবিসি জানিয়েছে, ২০২৫ সালে রুপার গড় দাম দাঁড়াতে পারে আউন্সপ্রতি ৩৫ ডলার ১৪ সেন্টে, আগের দেয়া পূর্বাভাসে যা ছিল ৩০ ডলার ২৮ সেন্ট।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪৮৬ ডলার ৮৬ সেন্টে দাঁড়িয়েছে, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। এ সময় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটি ৩ হাজার ৫৫৪ ডলার ৬০ সেন্টে লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি।
বিশ্লেষকরা জানান, সান ফ্রান্সিসকো ফেড প্রেসিডেন্ট মেরি ডেলির সাম্প্রতিক মন্তব্য সুদের হার কমার প্রত্যাশাকে আরো জোরদার করেছে। যদিও গত শুক্রবার প্রকাশিত মূল ভোক্তা ব্যয় সূচক (কোর পিসিই) তুলনামূলক শক্তিশালী ছিল। তবে বাজার অংশগ্রহণকারীরা সেটিকে উপেক্ষা করে সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে দিনদিন ক্রমেই আরো আশাবাদী হয়ে উঠেছেন।
একই সময় যুক্তরাষ্ট্রের আপিল আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশির ভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করায় ডলারের বিনিময় হারের ওপর চাপ তৈরি হয়েছে। এর প্রভাবেও মূল্যবান ধাতুগুলোর দাম বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্পট মার্কেটে গতকাল প্লাটিনামের দাম বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ১ হাজার ৩৮৪ ডলার ৬৮ সেন্টে। এ সময় প্যালাডিয়ামের দাম দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ১১৮ ডলার ৬ সেন্টে পৌঁছেছে।
কেসিএম ট্রেডসের চিফ মার্কেট অ্যানালিস্ট টিম ওয়াটারারের মতে, যুক্তরাষ্ট্রের ব্যাংক ছুটির কারণে বাজারে নগদ প্রবাহ কম থাকায় স্বর্ণ ও রুপার দামের ওঠানামা আরো তীব্র হচ্ছে।