ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় আবারো স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি অন্য বাণিজ্য অংশীদারদের ওপর শুল্কহার বাড়ানোর হুমকি দিয়েছেন তিনি। ফলে আবারো বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বৈশ্বিক অর্থনীতিতে। এ অবস্থায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। তবে মুদ্রাবাজারে ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের দামে এ ঊর্ধ্বমুখী প্রবণতা সীমিত মাত্রায় বজায় থাকবে বলে মনে করছেন বাজার পর্ববেক্ষকরা। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৩৪৪ ডলার ২ সেন্টে। এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৫ ডলার।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের অধিকাংশ বাণিজ্যিক অংশীদারের ওপর ১৫-২০ শতাংশ পর্যন্ত সমন্বিত শুল্ক বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি। আগের দিন যুক্তরাষ্ট্রে আমদানি করা তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং ব্রাজিলের ওপরও একই হারে শুল্ক আরোপের হুমকিও দেয়া হয়। সব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট।

এ বিষয়ে কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘কানাডার ওপর শুল্ক আরোপের ঘোষণার পর বিনিয়োগকারীরা আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণে আগ্রহ বাড়িয়েছেন। এতে কিছুটা দাম বেড়েছে। তবে যদি বিনিয়োগকারীরা মনে করেন ভবিষ্যতে বাণিজ্য আলোচনার মাধ্যমে উত্তেজনা কমে আসবে, তাহলে দাম আবার স্থিতিশীল হয়ে যেতে পারে।’

ডলারের শক্তিশালী অবস্থানও স্বর্ণের দামে প্রভাব ফেলেছে। চলতি সপ্তাহে ডলার সূচক ফেব্রুয়ারির শেষ সপ্তাহের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থায় ডলার শক্তিশালী হলে অন্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণের মতো পণ্য ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে দাম বাড়লেও তা তুলনামূলক কম মাত্রায় বাড়ে।

এদিকে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বেকার ভাতা দাবির সংখ্যা সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে। যদিও দেশটির শ্রমবাজার কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবু কর্মসংস্থানের এ তথ্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) জন্য সুদহার কমানোর বিষয়ে এখনই কোনো তাগিদ তৈরি করছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ অবস্থায় বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের দাম কিছুটা চাঙ্গা হতে পারে। তবে ডলার ও সুদহার এ ক্ষেত্রে স্থায়ী প্রভাব ফেলতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে গতকাল স্পট মার্কেটে রুপার দাম আউন্সপ্রতি ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ ডলার ৪৩ সেন্টে। প্লাটিনামের দাম প্রতি আউন্সে দশমিক ২ শতাংশ বেড়ে পৌঁছায় ১ হাজার ৩৬৩ ডলার ৩১ সেন্টে। প্যালাডিয়ামের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ ডলার ২৪ সেন্টে।

আরও