টানা পাঁচ বছর রেকর্ড মুনাফার পথে জাপানি কোম্পানিগুলো

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তির কারণে বিশ্বব্যাপী চিপের চাহিদা বাড়ছে। একই সঙ্গে জাপান সরকারের মুদ্রানীতি শিথিলের সুবিধা পাচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা।

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তির কারণে বিশ্বব্যাপী চিপের চাহিদা বাড়ছে। একই সঙ্গে জাপান সরকারের মুদ্রানীতি শিথিলের সুবিধা পাচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। সব মিলিয়ে টানা পাঁচ বছর ধরে রেকর্ড মুনাফা অর্জনের পথে রয়েছে দেশটির কোম্পানিগুলো। খবর জাপান টুডে।

প্রতিবেদন অনুসারে, চলতি বছর আরেক দফা বড় ধরনের মজুরি বাড়তে পারে জাপানে, যা ভোক্তা ব্যয়কে আরো মজবুত করতে পারে। এছাড়া মূল্যস্ফীতি মোকাবেলায় সরকারের নেয়া ব্যবস্থা খুচরা বিক্রেতা ও খাদ্য প্রস্তুতকারকের মতো চাহিদা সংবেদনশীল খাতকে সমর্থন দেবে।

তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি ও জাপানি মুদ্রার দুর্বল বিনিময় হার রফতানিকে প্রভাবিত করতে পারে। এতে অটোমোবাইল কোম্পানির মুনাফা বাধাগ্রস্ত হতে পারে।

নোমুরা সিকিউরিটিজের সিনিয়র ইকুইটি কৌশলবিদ মাসাকি মোটোমুরা বলেন, ‘আমরা আশা করি যে ২০২৫ সালে মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে।’

সংস্থাটির মতে, জাপানের তালিকাভুক্ত কোম্পানির কর-পূর্ব মুনাফা আগামী এপ্রিলে শুরু হওয়া ২০২৫ অর্থবছরে ৬ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। মার্চে শেষ হওয়া ২০২৪ অর্থবছরে কর-পূর্ব মুনাফা বাড়তে পারে ৭ দশমিক ৪ শতাংশ।

২০২৫ অর্থবছরের জন্য তালিকাভুক্ত কোম্পানির কর-পূর্ব মুনাফা ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ ও ২০২৪ অর্থবছরে বাড়তে পারে ৭ দশমিক ১ শতাংশ। এছাড়া ডাইওয়া সিকিউরিটিজ ২০২৫ সালের জন্য ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি ও চলতি অর্থবছরের জন্য ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

আরও