ঈদুল আজহার ছুটি ও ভারতীয় কাস্টমসের সার্ভার জটিলতার কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে। ঈদের ১০ দিনের ছুটি শেষে গত রোববার সকালে স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হলেও ভারতীয় কাস্টমসের সার্ভার বন্ধ থাকায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু করা যায়নি। তবে গতকাল বেলা পৌনে ১১টার দিকে ভারত থেকে আমদানীকৃত আদাবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়। ফলে স্থলবন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ঈদের ছুটির আমেজ কাটিয়ে স্থলবন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু-একদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বণিক বার্তাকে বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ৫-১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। ছুটি শেষে গত রোববার সকাল থেকে সব ধরনের কার্যক্রম সচল হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় কাস্টমসের সার্ভার বন্ধ থাকায় এদিন কোনো পণ্য আমদানি বা রফতানি করা হয়নি।’
তিনি জানান, গতকাল ভারতীয় কাস্টমসের সার্ভার সচল হওয়ায় বেলা পৌনে ১১টায় দেশটি থেকে আমদানীকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য আবারো শুরু হয়। সেই সঙ্গে বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলাদেশের ট্রাকে পণ্য লোড ও ডেলিভারিসহ সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।