জানুয়ারি-জুন

দেড় কোটির বেশি যাত্রী পরিষেবা জায়েদ বিমানবন্দরে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১ কোটি ৫৫ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১ কোটি ৫৫ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে। আবুধাবিভিত্তিক নিজস্ব উড়োজাহাজ সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের সম্প্রসারণ এবং নতুন রুট ও এয়ারলাইনস সংযোজনের কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। খবর দ্য ন্যাশনাল।

আবুধাবি এয়ারপোর্টস পরিচালিত পাঁচটি বিমানবন্দরে চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত যাত্রী সংখ্যা মোট ১ কোটি ৫৮ লাখে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ বেশি। পাঁচটি বিমানবন্দর হলো জায়েদ, আল আইন, আল বাতিন এক্সিকিউটিভ, দেলমা দ্বীপ ও সির বানী ইয়াস আইল্যান্ড বিমানবন্দর। সব বিমানবন্দর মিলিয়ে টানা ১৭ প্রান্তিকে যাত্রী সংখ্যা বৃদ্ধির ধারা বজায় রয়েছে।

আবুধাবি এয়ারপোর্টসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এলেনা সোরলিনি জানান, বছরের শুরুতে পরিচালনগত কিছু চ্যালেঞ্জ থাকলেও বছরের মাঝামাঝি নাগাদ তা কাটিয়ে ওঠা গেছে, যা সংস্থার নেটওয়ার্ক সক্ষমতা ও অংশীদারত্বের দৃঢ়তা তুলে ধরে।

চলতি বছর মধ্যপ্রাচ্যের একাধিক ভূরাজনৈতিক উত্তেজনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সর্বশেষ কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর পার্শ্ববর্তী উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ছিল।

চলতি বছরের প্রথমার্ধে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে ১৬টি গন্তব্য যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের সাংহাই রুট, এয়ার সেশেলসের সাপ্তাহিক ছয়টি ফ্লাইট এবং সিরিয়ান এয়ারলাইনস ফ্লাই চ্যামের দামেস্ক রুট। ভারতের ইন্ডিগো বিমান সংস্থা মাদুরাই, ভুবনেশ্বর ও বিশাখাপত্তমের নতুন রুট চালু করেছে।

এদিকে ইতিহাদ এয়ারওয়েজ চলতি বছরের প্রথমার্ধে ১ কোটি ২ লাখ যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। এ সময় তাদের যাত্রী ধারণ হার ছিল ৮৭ শতাংশ। ২০৩০ সালের মধ্যে যাত্রী সংখ্যা ৩ কোটি ৩০ লাখ থেকে বাড়িয়ে ৩ কোটি ৮০ লাখের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

অন্যদিকে এয়ার আরাবিয়া আবুধাবি তাদের বহরে আরো চারটি এয়ারবাস এ৩২০ যুক্ত করে ৪০ শতাংশ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে।

আবুধাবি আন্তর্জাতিক পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের আকর্ষণে কাজ করে যাচ্ছে। নতুন নতুন আকর্ষণ যোগ হওয়ায় শহরটি পর্যটন ও বাণিজ্যিক কার্যক্রমে আরো প্রাণচাঞ্চল্য পাচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। সে প্রবৃদ্ধির ছোঁয়া লেগেছে অঞ্চলটির বিমানবন্দরগুলোয়।

আরও