ওয়াল স্ট্রিটের শেয়ার সূচকে নিম্নমুখী প্রবণতা

আগের দিন পৌঁছেছিল রেকর্ড উচ্চতায়। সেখান থেকে গতকাল আবার নিম্নমুখী হয়ে উঠেছে বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার।

আগের দিন পৌঁছেছিল রেকর্ড উচ্চতায়। সেখান থেকে গতকাল আবার নিম্নমুখী হয়ে উঠেছে বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। মূলত সাপ্তাহিক ছুটির আগে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতা, একই সঙ্গে অর্থনৈতিক সূচকগুলো থেকে আসা মিশ্র বার্তা এবং মূল্যস্ফীতি ও চাকরির বাজার নিয়ে উদ্বেগের কারণে ওয়াল স্ট্রিটের শেয়ারসূচকগুলোয় নিম্নমুখিতা দেখা গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর এপি।

সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক ৬ শতাংশ কমেছে। আগের দিনই সূচকটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এর পরও আগস্টে মোট ১ দশমিক ৯ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধির দেখা পেয়েছে এসঅ্যান্ডপি ৫০০ সূচক। চলতি বছর এ পর্যন্ত সূচকটি বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ।

আগের দিনের রেকর্ড সর্বোচ্চ পর্যায় থেকে শুক্রবার ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ও নাসডাক কম্পোজিট সূচক কমেছে যথাক্রমে দশমিক ২ ও ১ দশমিক ২ শতাংশ।

সাপ্তাহিক ও মাসিক লেনদেনের শেষ দিনটিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও সার্বিকভাবে ২০২৫ পঞ্জিকাবর্ষের আগস্টে প্রায় সব সূচকে ব্যাপক ঊর্ধ্বগতি দেখেছেন বিশ্লেষকরা। ওয়াল স্ট্রিটের জন্য বেশ ইতিবাচক মাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। টানা চতুর্থ মাসের মতো শেয়ারবাজারের সূচকগুলো ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল এবং এক পর্যায়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে কিছুটা নিম্নমুখী ধারায় শেষ হয় পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেনের শেষ দিন, যা চলতি মাসের শেষ লেনদেনের দিনও ছিল।

স্বাধীন গবেষণা সংস্থা সেন্টার ফর ফাইন্যান্সিয়াল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের (সিএফআরএ) প্রধান বিনিয়োগ কৌশলবিদ স্যাম স্টোভাল বলেন, ‘মার্কিন পুঁজিবাজারে নিম্নমুখী ধারার প্রধান কারণ টানা তিনদিন ছুটির আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান। তারা অপ্রত্যাশিত কোনো খবর আসার ঝুঁকি এড়াতে নিজেদের বিনিয়োগের পরিমাণ কমিয়ে দেন। একই সঙ্গে বিভিন্ন অর্থনৈতিক উপাত্ত থেকে আসা মিশ্র বার্তাও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার বড় একটি কারণ।’

বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মার্কিন অর্থনীতি প্রাথমিক প্রতিবেদনের তুলনায় বেশি শক্তিশালী ছিল। এর পরও সাপ্তাহিক লেনদেনের শেষ দিনটিতে অনেক শেয়ারসূচক নিম্নমুখী ছিল।

মার্কিন সরকারের বাণিজ্য বিভাগের প্রকাশিত তথ্যানুযায়ী, দেশটিতে ব্যক্তিগত ভোগ ব্যয়ে হিসাব অনুযায়ী জুলাইয়ে মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা জুনের সমান এবং অর্থনীতিবিদদের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। তবে খাদ্য ও জ্বালানি খাত বাদ দিলে প্রকৃত মূল্যস্ফীতি হয়েছে ২ দশমিক ৯, যা জুনের দশমিক ৮ শতাংশ থেকে বেশি এবং গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

যদিও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি তিন বছর আগের প্রায় ৭ শতাংশের সর্বোচ্চ শিখর থেকে অনেক নিচে নেমে এসেছে, তবে এটি এখনো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) ২ শতাংশ লক্ষ্যের চেয়ে কিছুটা ওপরে রয়েছে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক জরিপ অনুযায়ী, চলতি আগস্টে অর্থনীতি ও মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে মার্কিন ভোক্তাদের আস্থা এখন মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

মার্কিন শ্রমবাজারে ধীরগতির নিয়োগ প্রক্রিয়ার প্রভাব পুঁজিবাজারেও পড়েছে। সাম্প্রতিক সরকারি উপাত্ত অনুযায়ী, বসন্তের পর থেকে নিয়োগের গতি অনেকটাই ধীর হয়ে গেছে। মর্গান স্ট্যানলি ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান অর্থনৈতিক কৌশলবিদ এলেন জেন্টনার বলেন, ‘ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্য প্রত্যাশিত হওয়ায় বিনিয়োগকারীদের মূল মনোযোগ এখন চাকরির বাজারের দিকে। তাছাড়া আগামী মাসে সুদহার কমানোর সম্ভাবনা এখনো জোরালো।’

সুদহার কমানো হলে বিনিয়োগকারীদের ব্যয় কমবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এতে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকিও থাকে। শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ (সিএমই) গ্রুপের এক জরিপের তথ্য অনুযায়ী, ৮৭ শতাংশ বিনিয়োগকারী মনে করছেন, আগামী মাসে ফেড সুদহার কমাবে অন্তত ২৫ বেসিস পয়েন্ট।

বাজারে এদিন প্রযুক্তি কোম্পানিগুলোর পারফরম্যান্স ছিল মিশ্র। ডেল টেকনোলজিসের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৯ শতাংশ। কারণ দ্বিতীয় প্রান্তিকে বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে আয় বেশি হলেও মুনাফা ও পিসি ব্যবসায় চাপ থাকার কথা জানিয়েছে কোম্পানিটি। অন্যদিকে দর হারিয়েছে এআই খাতের শীর্ষ কোম্পানি এনভিডিয়া ৩ দশমিক ৩, ব্রডকম ৩ দশমিক ৬ ও ওরাকল ৫ দশমিক ৯ শতাংশ।

তবে সব শেয়ারের দরপতন হয়নি। প্রত্যাশার চেয়ে ভালো প্রান্তিকের ফল প্রকাশের পর পেটকো হেলথ অ্যান্ড ওয়েলনেসের শেয়ারদর ২৩ দশমিক ৫ ও অটোডেস্কের শেয়ার ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে।

এদিকে বন্ড মার্কেটেও মিশ্র প্রবণতা দেখা গেছে। ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড দশমিক ২ শতাংশ বেড়েছে, যেখানে দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড দশমিক ১ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা বলছেন, ফেডের পরবর্তী নীতি বৈঠকের আগে আরো দুটি গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির উপাত্ত (উৎপাদক মূল্যসূচক ও ভোক্তা মূল্যসূচক) প্রকাশিত হবে। যদি প্রতিবেদনগুলোয় মূল্যস্ফীতির বড় কোনো উল্লম্ফন না দেখা যায়, তাহলে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা প্রায় নিশ্চিত।

বিশ্বের অন্যান্য স্থানের ক্ষেত্রে ইউরোপের পুঁজিবাজারও শুক্রবার সাপ্তাহিক লেনদেন শেষ করেছে নিম্নমুখিতায়। আর এ দিন এশিয়ার বাজারে দেখা গেছে মিশ্র প্রবণতা।

আরও