ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ কনফারেন্স

মধুমতি ব্যাংকের শাখাভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা

মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সম্মেলনের উদ্বোধন করেন।

চলতি বছরের শুরু থেকে শাখাভিত্তিক ব্যবসায়িক স্থিতি ও অগ্রগতি পর্যালোচনা করেছে মধুমতি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে শনি ও রোববার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী ‘ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ কনফারেন্স’ শীর্ষক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিটি শাখার ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণের কৌশল নির্ধারণে আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান, অডিট কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ব্যাংকের সব শাখার ব্যবস্থাপকরাও অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্মেলনে শাখাগুলোর ব্যবসায়িক অবস্থান ও অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ব্যবসা উন্নয়নের কৌশল নির্ধারণ করা হয়। প্রতিটি শাখাকে নিজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি, ব্যাংক খাত ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আরও