সাতক্ষীরায় এক-দেড় মাসের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে ৫০০-৬০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চড়া দাম দেশের বাজারে প্রভাব ফেলছে। গতকাল সাতক্ষীরা জেলা সদরের বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিপণন প্রতিষ্ঠান ঘুরে এসব তথ্য জানা গেছে।
এ বাজারের অন্যতম মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স রউফ স্টোরে গতকাল আমেরিকা থেকে আমদানীকৃত জাম্বু এলাচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকায়। এ সময় আফগানিস্তান থেকে আমদানীকৃত প্রতি কেজি এলাচের দাম ছিল ৫ হাজার টাকা। অন্যদিকে ভারতীয় এলাচের দাম ছিল কেজিতে ৪ হাজার টাকা।
প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুর রউফ বণিক বার্তাকে জানান, এক-দেড় মাসের ব্যবধানে এলাচ ব্যতীত অন্যান্য মসলার দাম স্থিতিশীল রয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, আসন্ন রমজানে মসলাসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কমিটি জোরদার করা হয়েছে।
যদিও সাতক্ষীরার মসলা বাজারে আসন্ন রমজানের প্রভাব তুলনামূলক কম। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে অধিকাংশ মসলাপণ্যের স্বাভাবিক সরবরাহ আছে। এ কারণে দাম এখনো বাড়েনি।