প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর ৮ দশমিক শূন্য ৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৩ টাকা ৭০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১৪ টাকা ৯০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ ও এর আগের ২০২২-২৩ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি ইয়াকিন পলিমার। আলোচ্য দুই হিসাব বছরের বিলম্বিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে উচ্চ আদালতের অনুমোদন চাওয়া হয়েছে। আদালতের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা না আসার কারণে এজিএম আয়োজন করাসহ নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারছে না কোম্পানিটি।
লোকসানের কারণে সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি ইয়াকিন পলিমারের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ৫৫ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ১৬ পয়সায়।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্যও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইয়াকিন পলিমারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ১২ পয়সায়।
সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইয়াকিন পলিমার। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ইয়াকিন পলিমার। তার আগের হিসাব বছরে ৩ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমারের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮ কোটি ২৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৩৬ লাখ ৯৮ হাজার ৮১৭। এর ৩০ দশমিক ১০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৯৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার ইয়াকিন পলিমারের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৭ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।