হিমায়িত খাদ্যের চাহিদা বৃদ্ধি

জাপানে বড় আকারের কোল্ড ওয়্যারহাউজ

জাপানের কোবে শহরে নির্মাণ হয়েছে দেশটির অন্যতম বৃহত্তম কোল্ড ওয়্যারহাউজ।

জাপানের কোবে শহরে নির্মাণ হয়েছে দেশটির অন্যতম বৃহত্তম কোল্ড ওয়্যারহাউজ। দেশটির হিমায়িত খাদ্যের চাহিদা বাড়ার প্রতিনিধিত্ব করে এ উদ্যোগ। খবর জাপান টুডে।

কোবে পশ্চিম জাপানের অন্যতম আন্তর্জাতিক বন্দর ও গুরুত্বপূর্ণ বিতরণ কেন্দ্র। এখানে হিমায়িত খাদ্যের এ গুদাম উন্মোচন করেছে লজিস্টিকস পরিষেবাদাতা জিএলপি জাপান ইনক।

পাঁচতলা বিশিষ্ট এ স্থাপনার মেঝের আকার প্রায় ৪৬ হাজার বর্গমিটার এবং এর নির্মাণ ব্যয় ১ হাজার ৫০০ কোটি ইয়েন। গুদামটির তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যাবে। এরই মধ্যে তিনটি প্রতিষ্ঠান পুরো ওয়্যারহাউজ ব্যবহার শুরু করেছে, যার একটি পরিবহন সংস্থা।

জাপানে গুদামের চাহিদা বাড়লেও বাড়তি নির্মাণ ব্যয়ের কারণে কোম্পানিগুলোর জন্য নিজস্ব সংরক্ষণ কেন্দ্র তৈরি ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

জিএলপি জাপানের প্রেসিডেন্ট ইয়োশিউকি চোসা জানান, গ্রাহকদের কাছাকাছি এ ধরনের গুদাম স্থাপন এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্য কোম্পানিটি তিন-পাঁচ বছরের মধ্যে এ ধরনের অবকাঠামো বাবদ আরো ২০ হাজার কোটি ইয়েন বিনিয়োগের পরিকল্পনা করছে।

আরও