আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গতকাল ১ শতাংশের বেশি কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের বাজার সরকারি ছুটির কারণে বন্ধ থাকায় কেনাবেচা সীমিত ছিল। পাশাপাশি আগের বেচাকেনার দিনে ২ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগতির পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা দেয়ায় দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে ৪ হাজার ৯৮৬ ডলার ৩২ সেন্টে। এ সময় এপ্রিলে সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫ হাজার ৫ ডলার ৬০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কম।
আর্থিক বাজার বিশ্লেষণ ও ট্রেডিং প্রতিষ্ঠান কেসিএমের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশের পর স্বর্ণের দাম যেটুকু বেড়েছিল, তার একটা অংশ সোমবার কমে গেছে। কারণ বাজারে কেনাবেচা কম ছিল। এছাড়া স্বর্ণের দাম বাড়ার মতো কোনো ইতিবাচক খবরও পাওয়া যায়নি। একই সঙ্গে গতকাল বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতাও সক্রিয় ছিল।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে এবং চীনে চান্দ্র নববর্ষের ছুটির কারণে বাজার বন্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস জানায়, জানুয়ারিতে দেশটির সিপিআই দশমিক ২ শতাংশ বেড়েছে। এর আগে রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা দশমিক ৩ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক অব শিকাগোর প্রেসিডেন্ট অস্টান গুলসবি বলেন, ‘সুদহার কমানোর সুযোগ রয়েছে। তবে পরিষেবা খাতে মূল্যস্ফীতি এখনো বেশি। তবে বাজার বিশ্লেষকরা আগামী ১৮ মার্চের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক সুদহার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করছেন।’
তবে এলএসইজির সংকলিত তথ্যানুযায়ী, চলতি বছর মোট ৭৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা মূল্যায়ন করা হচ্ছে। প্রথমবার জুলাইয়ে সুদহার কমানো হতে পারে।
ওয়াটারার এ বিষয়ে জানান, ডলারের বিনিময় হারে নিম্নমুখী প্রবণতা দেখা দিলে বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি ৬ হাজার ডলারে পৌঁছতে পারে।
এদিকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলে ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের সম্ভাবনা বিবেচনায় প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে দুই দেশের মধ্যে পূর্বের তুলনায় আরো গুরুতর সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে গতকাল রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৫ ডলার ৬৪ সেন্টে নেমে যেতে পারে। বেচাকেনার শুরুতে এটি ৩ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল। এছাড়া প্লাটিনামের দাম দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৪৫ ডলার ১১ সেন্টে নেমেছে। এ সময় প্যালাডিয়ামের আউন্সপ্রতি মূল্য নেমেছে ১ হাজার ৬৭৩ ডলার ৫২ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কম।