সিবিওটিতে কমেছে ভুট্টা ও গমের দাম

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল কমেছে ভুট্টা ও গমের দাম।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল কমেছে ভুট্টা ও গমের দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, সামনের দিনগুলোয় এ দুই খাদ্যশস্যের পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধির পূর্বাভাস দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।

সিবিওটিতে গতকাল ভুট্টার দাম দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য নেমেছে ৪ ডলার ২১ সেন্টে। এ সময় গমের দাম দশমিক ১ শতাংশ কমে বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৩৮ সেন্টে।

এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ৭৩ শতাংশ ভুট্টা ভালো থেকে উৎকৃষ্ট অবস্থায় আছে, গত সপ্তাহে যা ছিল ৭০ শতাংশ। যুক্তরাষ্ট্রে ফসলের এ মান ২০১৮ সালের পর থেকে সর্বোচ্চে পৌঁছেছে।

ব্রাজিলের ২০২৪-২৫ মৌসুমে ভুট্টা উৎপাদন ১৩ কোটি ৬ লাখ টনে পৌঁছবে বলে আশা করছে এগ্রিবিজনেস কনসালট্যান্সি এগরুরাল, আগের দেয়া পূর্বাভাসে যা ছিল ১২ কোটি ৮৫ লাখ টন।

উত্তর গোলার্ধের দেশগুলো থেকে পর্যাপ্ত সরবরাহের কারণে গমের দামও কমেছে। আর্জেন্টিনায় শুষ্ক ও শীতল আবহাওয়া আগামী কয়েক দিনে ২০২৫-২৬ মৌসুমের গম বপনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে বলে জানিয়েছে রোসারিও গ্রেইন এক্সচেঞ্জ। মাটিতে পর্যাপ্ত আর্দ্রতার কারণে এবার স্বাভাবিকের চেয়ে বেশি ফলনের সম্ভাবনা দেখছে তারা।

আরও