হেডলাইটের ‘অতিরিক্ত’ আলো

যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজারের বেশি গাড়ি ফেরত নিচ্ছে টেসলা

যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় ২০ হাজার ৩৪৯টি গাড়ি ফেরত নিচ্ছে টেসলা।

গাড়িগুলোর সামনের লো-বিম হেডলাইটের আলো অতিরিক্ত উজ্জ্বল হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি। দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা (এনএইচটিএসএ) গতকাল এ তথ্য নিশ্চিত করে। খবর রয়টার্স।

সংস্থাটি জানায়, হেডলাইটের আলো অতিরিক্ত হওয়ায় বিপরীত দিক থেকে আসা অন্য চালকদের দেখতে সমস্যা হতে পারে। এতে রাস্তায় দৃষ্টিসীমা কমে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, রিকল প্রক্রিয়ার আওতায় টেসলার জনপ্রিয় ‘মডেল ৩’ ও ‘মডেল ওয়াই’ সিরিজের নির্দিষ্ট কিছু গাড়ি রয়েছে।

তবে গাড়িগুলোর সমস্যা সমাধানে বা সারিয়ে তোলার জন্য কী ধরনের পদক্ষেপ নেয়া হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, ইভি প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানিটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তাসংক্রান্ত নানামুখী চাপের মুখে রয়েছে। এর আগে চলতি বছরের গত জুলাইয়েও টেসলার ওপর বড় ধরনের নজরদারি শুরু করে এনএইচটিএসএ।

সংস্থাটি সে সময় জানায়, প্রায় ১২ লাখ টেসলা গাড়ির সাসপেনশন বিকল হওয়া বা ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। ফলে চলন্ত অবস্থায় গাড়ির স্টিয়ারিং বা নিয়ন্ত্রণের সক্ষমতা হারিয়ে ফেলার বড় ঝুঁকি তৈরি হয়। সে অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে একটি প্রাথমিক তদন্ত শুরু করেছে মার্কিন সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ।

আরও