বছরের প্রথমার্ধ

পর্যটনে তুরস্কের আয় আড়াই হাজার কোটি ডলার

তুরস্কের পর্যটন আয় চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৫ কোটি ডলারে।

তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউট (তুর্কস্ট্যাট) প্রকাশিত সাম্প্রতিক তথ্যে এ চিত্র উঠে আসে। তথ্য অনুযায়ী, পর্যটক সামান্য কমলেও জনপ্রতি গড় খরচ বাড়ায় দেশটির সামগ্রিক পর্যটন আয় প্রায় আগের বছরের মতোই স্থিতিশীল রয়েছে। খবর আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় পর্যটন খাত থেকে আয় দশমিক ১ শতাংশ কমেছে। জানুয়ারি-জুন মেয়াদে তুরস্কে মোট ২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার পর্যটক আগমন করেছেন, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কম।

ইউরোপ ও এশিয়ার মিলনস্থলে অবস্থিত তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য। এর অনন্য ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে প্রতি বছর কোটি মানুষ দেশটি সফর করেন।

বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র থাকায় এখানে ছড়িয়ে রয়েছে শত শত বছরের ইতিহাস। ইস্তানবুলের হাগিয়া সোফিয়া ও অটোমান সুলতানদের প্রাসাদ তোপকাপি প্যালেস পর্যটকদের প্রধান আকর্ষণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আধুনিক তুর্কি ড্রামা সিরিজগুলোর ব্যাপক জনপ্রিয়তার কারণে অটোমান ইতিহাস সরাসরি দেখার আগ্রহ মানুষের মধ্যে বহুগুণ বেড়েছে।

আরও