যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতা

বিশ্বে তৃতীয় ও এশিয়ায় প্রথম ইউআইইউ মার্স রোভার টিম

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬’ শীর্ষক প্রতিযোগিতায় বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মার্স রোভার টিম।

দেশটির ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) ২৭-৩০ মে পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইউআইইউ মার্স রোভার টিম ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার এশিয়ায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চার দিনব্যাপী অনুষ্ঠিত চূড়ান্ত রাউন্ডে পরিচালন দক্ষতা প্রদর্শনের জন্য বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং—এ চারটি মিশন অতিক্রম করতে হয়েছে দলগুলোকে। এবারের আসরে ইউআইইউ মার্স রোভার টিম সর্বমোট ৪০৪ দশমিক ৪৪ পয়েন্ট পেয়ে বিশ্বের শীর্ষ রোভার দলগুলোর মধ্যে তৃতীয় এবং এশীয় দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া প্রতিযোগিতার পোডিয়ামে স্থান পাওয়ার পাশাপাশি দলটি ‘বেস্ট অটোনামাস সিস্টেম’ স্বীকৃতি লাভ করেছে।

চূড়ান্ত ফলাফলে যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব এসঅ্যান্ডটি মার্স রোভার ডিজাইন টিম ৪৬৯ দশমিক ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়ার মোনাশ নোভা রোভার টিম ৪১২ দশমিক ৪১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান এবং বাংলাদেশের ইউআইইউ মার্স রোভার টিম ৪০০ দশমিক ৪৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে।

আরও