লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম কমেছে গতকাল। বাজারসংশ্লিষ্টরা বলছেন, ভরা মৌসুমেও চাহিদা কম হওয়ায় দাম কমছে ব্যবহারিক ধাতুটির। খবর রয়টার্স।
তিন মাসে সরবরাহের চুক্তিতে গতকাল এলএমইতে তামার দাম দশমিক ২৫ শতাংশ কমে টনপ্রতি বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৮ ডলারে। তবে চীনের সাংহাইয়ের ফিউচার মার্কেটে পণ্যটির দাম কিছুটা বেড়েছে। দশমিক ৪৯ শতাংশ বেড়ে টনপ্রতি বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৮০ হাজার ৭০ ইউয়ানে (১১ হাজার ২৬৩ ডলার ৭৮ সেন্টের সমপরিমাণ)।
খাতসংশ্লিষ্ট ব্রোকার প্রতিষ্ঠান গ্যালাক্সি ফিউচারস জানিয়েছে, সাধারণত বছরের এ সময় তামার চাহিদা বাড়ে। কিন্তু এবার ভরা মৌসুমেও পণ্যটির চাহিদার গতি শ্লথ হয়ে আসা বা বৃদ্ধি না পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার প্রভাব দেখা যাচ্ছে পণ্যটির বাজারে।