ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে নগদ-ইউসিবির অংশীদারত্ব

এমএফএস প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আওতায় ইউসিবির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও সহজে ‘নগদ’ গ্রাহকদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেয়া হবে।

ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্ব স্থাপন করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ‘নগদ’। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আদনান মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এমএফএস প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আওতায় ইউসিবির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও সহজে ‘নগদ’ গ্রাহকদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেয়া হবে। প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ডিজিটাল আর্থিক সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করতে নগদ কাজ করছে। এ চুক্তির মাধ্যমে দুই পক্ষের গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে সহায়তা করবে।’

অন্যদিকে ইউসিবির এএমডি আদনান মাসুদ বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে রেমিট্যান্স পৌঁছে দেয়ার পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এ কৌশলগত অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু ও হেড অব রেমিট্যান্স মো. এহসানুল হক বাশার। অন্যদিকে ইউসিবির পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. আবদুল্লাহ আল মামুন; ডিএমডি (হোলসেল ব্যাংকিং) সুফিয়া আক্তার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এফআই অ্যান্ড ওবিইউ) ইউসুফ হাবিব এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (রেমিট্যান্স) মোহাম্মদ আমিনুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভবিষ্যতে ইউসিবির ঋণ ও মাসিক সঞ্চয় (ডিপিএস) কিস্তি এবং ক্রেডিট কার্ডের ইএমআই নগদের মাধ্যমে পরিশোধের সুবিধা চালুর করা হবে। গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়াও সহজ করা হবে। বর্তমানে ইউসিবি থেকে নগদে অ্যাড মানি এবং উভয় প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু রয়েছে বলেও জানিয়েছে নগদ।

আরও