একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭ নতুন বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ১২ মার্চ সাভারে ড্যাফোডিল স্মার্ট সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বইগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা সংস্থা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস এ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল এডুপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, লেখক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হামিদুল হক খান এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউ প্রেসের সম্পাদকীয় বোর্ডের আহ্বায়ক অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। এছাড়া ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রেসের সংশ্লিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন বিভাগের শিক্ষক, বইগুলোর লেখক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড ও শ্রেষ্ঠত্ব অনেকাংশে নির্ধারিত হয় তার গবেষণা ও জ্ঞানভিত্তিক প্রকাশনার মাধ্যমে। তিনি বলেন, ডিআইইউ প্রেস মানসম্পন্ন বই প্রকাশের মাধ্যমে পাঠকদের জ্ঞানতৃষ্ণা মেটাতে এবং একটি মেধাবী ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

এবারের বইমেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি বিষয়ক বই ‘মেশিন লার্নিং থেকে ডিপ লার্নিং ধারণা অ্যালগরিদম এবং প্রয়োগ’। বইটি লিখেছেন সাদমান সাদিক খান, মো. মিজানুর রহমান, মো. সাকিবুর রহমান ও আমিনুল হক। এছাড়া অপূর্ব ঘোষের একাডেমিক বই ‘অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিসেস ফর টুমরোস মাল্টিমিডিয়া প্রফেশনালস’, মো. নাজমুল হাসানের অনুপ্রেরণামূলক বই ‘আনলকিং লিডারশিপ দ্য ভলান্টিয়ারিং জার্নি’ এবং আনোয়ার পারভেজের ‘বিজ্ঞানীদের হৃদপিণ্ড’ প্রকাশিত হয়েছে।

সাহিত্য শাখায় প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে নিবেদিতা চৌধুরীর ইংরেজি কাব্যগ্রন্থ ‘হুইসপারস অব আ সেরিন হার্ট’, আল মুনাফ রাজুর ‘অন্তর আত্মার প্রতিধ্বনি’ এবং তসলিম পাটোয়ারীর কাব্যগ্রন্থ ‘বিলাপ’।

প্রকাশিত বইগুলো অমর একুশে বইমেলার পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব কিয়স্ক দোকান এবং রকমারি ডটকম, দুর্বারশপ ও প্রথমা ডটকমে পাওয়া যাচ্ছে। মেলা চলাকালে বইগুলো ‘পুস্তক প্রকাশন’ স্টল নম্বর ৪২২ এবং ‘মাতৃভাষা প্রকাশ’ স্টল নম্বর ৬০৯ থেকে ৬১৩ এ সংগ্রহ করা যাবে।

—বিজ্ঞপ্তি

আরও