দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠটি আবারো খেলাধুলার উপযোগী করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) যৌথ উদ্যোগে মাঠটি সংস্কার ও উন্নয়ন করা হয়। মাঠটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন ও ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর। মাঠটির উন্নয়নে আর্থিক ও অন্যান্য সহযোগিতা দিয়েছে ইউসিবি। সার্বিক তত্ত্বাবধানে ছিল চসিক।
উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর সৌন্দর্য ও বাসযোগ্যতা বাড়ানোর পাশাপাশি শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নিশ্চিত করাও জরুরি। আগ্রাবাদ জাম্বুরী মাঠের উন্নয়নে ইউসিবির সহযোগিতা প্রশংসনীয়।’ মাঠটি আবারো খেলাধুলায় মুখর হয়ে উঠুক বলেও আশা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, একসময় আগ্রাবাদ জাম্বুরী মাঠ ছিল স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার পরিচিত কেন্দ্র। এ মাঠে অনুশীলন করে অনেক খেলোয়াড় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাফল্য পেয়েছেন। তবে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় খেলাধুলার সুযোগ কমে যায়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘ইউসিবির ঘুরে দাঁড়ানোর সাফল্য আমাদের নতুন সম্ভাবনার পথ দেখিয়েছে। আমরা বাংলাদেশের হারানো গৌরব পুনরুদ্ধারে ভূমিকা পালন করতে চাই।’
তিনি জানান, ব্যাংকিং সেবার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে ইউসিবি। এর আগে জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেয় ব্যাংকটি। আগ্রাবাদ জাম্বুরী মাঠের সংস্কারও এ উদ্যোগের ধারাবাহিকতা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী এটিএম সেলিম রেজা। অন্যদিকে ইউসিবির পক্ষে আরো ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ এবং এসইভিপি ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স-চট্টগ্রাম আশরাফ উদ্দীন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।