উচ্চ শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য উদ্বৃত্ত গত মাসে ২০২৫ সালের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। একই সময় রফতানি বেড়েছে এবং দেশটিতে চীনা আমদানি মাসিক হিসাবে নতুন রেকর্ডে পৌঁছেছে বলে জানিয়েছে হ্যানয়। খবর রয়টার্স।
ট্রাম্প প্রশাসন গত আগস্টে ভিয়েতনামের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে হ্যানয় ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি যেসব পণ্য চীন থেকে আমদানি করা উপাদানে ভিয়েতনামে তৈরি হয়, সেগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকিও রয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের রফতানি আগের তুলনায় বেড়েছে এবং গত বছর তা রেকর্ড উচ্চতায় পৌঁছায়।
ভিয়েতনামের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে রফতানি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩৯০ কোটি ডলারে, যা এক বছর আগের ১ হাজার ৫০ কোটি ডলার থেকে বেশি। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে রফতানির আকার ছিল ১ হাজার ৪৬০ কোটি ডলার।
সব মিলিয়ে জানুয়ারিতে ওয়াশিংটনের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়ায় ১ হাজার ২০০ কোটি ডলার, যা এক বছর আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি এবং ডিসেম্বরের রেকর্ড উদ্বৃত্ত ১ হাজার ২৩০ কোটি ডলারের সামান্য নিচে।
এদিকে জানুয়ারিতে ভিয়েতনামে চীন থেকে আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ কোটি ডলারে, ডিসেম্বরে যা ছিল ১ হাজার ৮৭০ হাজার ডলার।
সামগ্রিকভাবে ২০২৫ সালের একই সময়ের তুলনায় গত মাসে ভিয়েতনাম থেকে রফতানি ২৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৩১৯ কোটি ডলারে পৌঁছায়। একই সময় শিল্প উৎপাদনও ২১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে জানুয়ারিতে ভিয়েতনামে আমদানি ৪৯ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৪৯৭ কোটি ডলার। ফলে গত মাসে দেশটিতে বাণিজ্য ঘাটতি ছিল ১৭৮ কোটি ডলার।