আমদানি বাড়ায় সাতক্ষীরায় কমেছে গুঁড়া হলুদের দাম

ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে শুকনা হলুদ আমদানি বেড়েছে ৫ হাজার ৪৭৯ টন।

ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে শুকনা হলুদ আমদানি বেড়েছে ৫ হাজার ৪৭৯ টন। আমদানি বাড়ায় অঞ্চলটিতে গুঁড়া হলুদের দাম কমে এসেছে। গতকাল অঞ্চলটির সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিক্রয় প্রতিষ্ঠান ঘুরে এ তথ্য জানা গেছে।

সাতক্ষীরা জেলা শহরের সুলতানপুর বড় বাজারের মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গতকাল প্রতি কেজি গুঁড়া হলুদ বিক্রি হয়েছে খুচরায় ২৮০ টাকায়। এক মাস আগেও এখানে পণ্যটির দাম ছিল কেজিতে ৩৫০-৩৬০ টাকা।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম জানান, এক মাসের ব্যবধানে গুঁড়া হলুদের দাম কেজিতে ৭০-৮০ টাকা পর্যন্ত কমেছে। এর পেছনে ভূমিকা রেখেছে শুকনা হলুদের আমদানি বৃদ্ধি।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১৭ হাজার ৬৯৩ টন, যার মূল্য ছিল ৩০৪ কোটি ৯৭ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ১৮৩ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ১২ হাজার ২১৪ টন শুকনা হলুদ আমদানি হয়।

ভোমরা বন্দরের অন্যতম মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বণিক বার্তাকে বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এ প্রতিষ্ঠানে শুকনা হলুদের আমদানি বেড়েছে ২০-২৫ শতাংশ। ভারতের বাজারে সম্প্রতি দাম কমায় আমদানি বাড়ানো হয়েছে।’

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, গুঁড়া হলুদসহ সব ধরনের মসলার দাম নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

আরও