জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির যৌথ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদক কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। এছাড়া কোম্পানিটিকে গত ২৫ জুন বাংলাদেশ গ্রিড থেকে ব্যাকফিড পাওয়ার দেয়া হয়েছে। এ যৌথ উদ্যোগের কোম্পানিটির মালিকানায় ইউনিক হোটেলের পাশাপাশি স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড (এসএফএল), নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভি ও জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বিভি রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিটি।
চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে এ বিদ্যুৎ প্রকল্পের জন্য চারটি প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ বছর মেয়াদি ৪৬৩ মিলিয়ন ডলারের (৪৬ কোটি ৩০ লাখ ডলার) বৈদেশিক ঋণ চুক্তি করেছে যৌথ উদ্যোগের কোম্পানিগুলো। চুক্তিতে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের মালিকানায় থাকা চারটি কোম্পানিই স্বাক্ষর করেছে। এ ঋণ চুক্তির মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) থেকে ২৭০ মিলিয়ন ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে ১১০ মিলিয়ন, ডয়েচে ইনভেস্টিশন-উন্ড এন্টউইক্লুংগেসেলশ্যাফট (ডিইজি) থেকে ৪৫ মিলিয়ন ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) থেকে ৩৮ মিলিয়ন ডলার ঋণ নেয়ার কথা জানানো হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের ৫৮৪ মেগাওয়াট সক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। এ প্রকল্পের ঋণ সাম্যতা অনুপাত ৭৫:২৫। প্রকল্প থেকে ইউনিট হোটেল অ্যান্ড রিসোর্টস ৩৭ দশমিক ২৪ শতাংশ হারে মুনাফা পাবে।