প্রকৌশল খাতে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেড ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন (ইভি) চার্জিং স্টেশন, গাড়ি রক্ষণাবেক্ষণ সেন্টার, সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে কার্যক্রম শুরু করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা কোম্পানিটির পর্ষদ সভায় ব্যবসা সম্প্রসারণের বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন ও চার্জিং হাব স্থাপন এবং বিদ্যমান সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে সরাসরি এসি ও ডিসি দ্রুতগতির চার্জিং অবকাঠামো স্থাপন, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং ও অন্যান্য সেবার জন্য নতুন স্থান অধিগ্রহণ এবং ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপন এবং ইভি শোরুম ও ডিলারশিপ চালু।
নতুন এসব ব্যবসা ও সেবা আনুষ্ঠানিকভাবে কোম্পানির কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে সংঘস্মারক বা মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনে প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের জন্য বিশেষ সাধারণ সভা আয়োজন করবে কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে নাভানা সিএনজির ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ২৬ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাভানা সিএনজির ইপিএস হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৯ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে নাভানা সিএসজির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারেপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৭ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নাভানা সিএসজির ইপিএস হয়েছে ১৩ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ১৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৫ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে নাভানা সিএনজি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৮৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে নাভানা সিএনজি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।