ভোমরা স্থলবন্দরে অর্থবছরের প্রথম দুই মাসে রফতানি বেড়ে দ্বিগুণ

এ বন্দর দিয়ে রফতানি হওয়া পণ্যের তালিকায় রয়েছে পাটের সুতা, গার্মেন্টস বর্জ্য ও রাইস ব্র্যান অয়েল, তাঁতের শাড়ি, প্লাস্টিক নেট, ভিআইপি ব্যাগ, মধু, মাছ, তুষ ও প্রাণের পণ্যসামগ্রী।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্টে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বাংলাদেশী পণ্যের রফতানি বেড়েছে প্রায় দ্বিগুণ। এ বন্দর দিয়ে রফতানি হওয়া পণ্যের তালিকায় রয়েছে পাটের সুতা, গার্মেন্টস বর্জ্য ও রাইস ব্র্যান অয়েল, তাঁতের শাড়ি, প্লাস্টিক নেট, ভিআইপি ব্যাগ, মধু, মাছ, তুষ ও প্রাণের পণ্যসামগ্রী। মূলত ভারতের বাজারে এসব পণ্যের চাহিদা বাড়ায় রফতানি আয় বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাস বন্দরটি দিয়ে ৬৭ হাজার ৬৪০ টন পণ্য রফতানি হয়েছে, যার রফতানি মূল্য ৪৫১ কোটি ৫৫ লাখ টাকা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩৪ হাজার ১৯৮ টন পণ্য, যার মূল্য ছিল ৪০৮ কোটি ৪২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে বন্দরটি দিয়ে পণ্য রফতানি বেড়েছে ৩৩ হাজার ৪৪২ টন। পণ্যের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হলেও রফতানি মূল্য বেড়েছে ৪৩ কোটি ১৩ লাখ টাকা।

বন্দরের অন্যতম রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুন্দরবন এজেন্সির স্বত্বাধিকারী দীপংকর কুমার জানান, সারা বছরই প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য আমদানির পাশাপাশি দেশীয় পণ্য রফতানি করে। এর মধ্যে পাটের সুতা, তাঁতের শাড়ি, প্লাস্টিক নেট, ভিআইপি ব্যাগ ও প্রাণের পণ্যসামগ্রী উল্লেখযোগ্য।

মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, প্রতিষ্ঠানটি গার্মেন্টস বর্জ্য, তুষ, রাইস ব্র্যান অয়েলসহ বিভিন্ন দেশীয় পণ্য রফতানি করে। ভারতের বাজারে এসব পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে রফতানি বেড়েছে বলেও জানান তিনি।

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘আমদানি-রফতানির ক্ষেত্রে এ বন্দরের সম্ভাবনা ব্যাপক। চলতি অর্থবছরের শুরুতেই আমদানির পাশাপাশি দেশীয় পণ্যের রফতানিও বেড়েছে।’ তার মতে, বন্দরের অবকাঠামোগত উন্নয়ন করা গেলে আমদানি-রফতানি আরো বাড়বে।

ভোমরা কাস্টম হাউজের কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি রফতানি আয়ও বেড়েছে।’

পণ্য আমদানি-রফতানির পরিমাণ মূলত নির্ভর করে ব্যবসায়ী এবং আমদানি-রফতানিকারকদের চাহিদার ওপর। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভোমরা বন্দরে পণ্য রফতানির পাশাপাশি আমদানিও বেড়েছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।

আরও