যুক্তরাষ্ট্রে সুদহার কমানোর প্রত্যাশা এবং থাইল্যান্ডে প্রতিকূল আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) আগামী জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে সোমবার রাবারের দাম ১ দশমিক ২৬ শতাংশ বা ১৯৫ ইউয়ান বেড়ে দাঁড়িয়েছে প্রতি টনে ১৫ হাজার ৬৯৫ ইউয়ানে (প্রায় ২ হাজার ১৮৪ ডলার ৯৯ সেন্ট)।
একই দিনে এসএইচএফইর সবচেয়ে বেশি বিক্রিত সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে বুডাটিন রাবারের দাম ২ দশমিক শূন্য ৪ শতাংশ বা ২৩৫ ইউয়ান বেড়ে পৌঁছেছে টনে ১১ হাজার ৭৩৫ ইউয়ানে (প্রায় ১ হাজার ৬৩৩ ডলার ৭০ সেন্ট)।
জাপান এক্সচেঞ্জ গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দাম কমার পর নতুন করে রাবারের চাহিদা বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে রাবারের প্রধান উৎপাদনকারী দেশ থাইল্যান্ডের আবহাওয়া সংস্থা ১১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশটিতে ভারি বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা প্রকাশ করেছে। এতে সেখানে ফসলের ক্ষতি হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে জুলাইয়ে চীনে গাড়ি বিক্রি কমেছে, যা টায়ারের চাহিদা কমার ইঙ্গিত দিচ্ছে। তবে জ্বালানি তেলের দাম কমার কারণে সিনথেটিক রাবারের সঙ্গে প্রাকৃতিক রাবারের প্রতিযোগিতায় কিছুটা প্রভাব পড়তে পারে।