ভিয়েতনামে কমেছে কফির বাণিজ্যিক কার্যক্রম

ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। এ অঞ্চলে অনুকূল আবহাওয়ার অভাবে জমি থেকে ফসল উত্তোলন ব্যাহত হয়েছে।

ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। এ অঞ্চলে অনুকূল আবহাওয়ার অভাবে জমি থেকে ফসল উত্তোলন ব্যাহত হয়েছে। এ কারণে দেশটিতে কফি বাণিজ্য কার্যক্রম কিছুটা কম হয়েছে। ফলে এ সময় দেশটিতে কফির দামও কিছুটা পরিবর্তন হয়েছে। গত বৃহস্পতিবার ভিয়েতনামের ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার।

সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ২২ হাজার ৫০০ থেকে ১ লাখ ২৪ হাজার ডংয়ে (৪ ডলার ৮১ সেন্ট থেকে ৪ ডলার ৮৭ সেন্ট) বিক্রি করেছেন, আগের সপ্তাহে যা ছিল ১ লাখ ২২ হাজার থেকে ১ লাখ ২৪ হাজার ৯০০ ডং।

সম্প্রতি ভিয়েতনামের কফি উৎপাদনকারী এলাকা সফর করেছেন কমোডিটি ফার্ম হেজপয়েন্ট গ্লোবাল মার্কেটসের বিশ্লেষক লালেসকা মোডা। তিনি বলেন, ‘‌কৃষকদের ওপর নির্ভর করে জমি থেকে বিভিন্ন হারে ফসল সংগ্রহ করা হচ্ছে। কোনো কোনো কৃষক ফসল সংগ্রহ মাত্র শুরু করেছেন আবার কেউ তা শেষ করেছেন। তবে সামগ্রিকভাবে জমি থেকে ফসল সংগ্রহের হার প্রায় ৩০-৬০ শতাংশ।’

লালেসকা মোডা আরো বলেন, ‘‌ডাক লাকে নভেম্বর ও ডিসেম্বরে বৃষ্টিপাত কফি বিনের মানে প্রভাব ফেলতে পারে। কারণ অনেক উৎপাদনকারী এরই মধ্যে তাদের কফি শুকিয়েছেন।’

ভিয়েতনামের লাম ডং প্রদেশে রোবাস্তা ও অ্যারাবিকা উভয় জাতের কফি উৎপাদন হয়। এ অঞ্চলে উচ্চ মানের কফি বিন উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলেন, ‘‌এক সপ্তাহব্যাপী বৃষ্টির পর আবহাওয়া কিছুটা অনুকূল ছিল।’

ডাক লাকের এক ব্যবসায়ী বলেন, ‘‌কফি বিন এখনো শুকানো হচ্ছে। বিক্রির জন্য প্রস্তুত নয়। ডিসেম্বরে যে পরিমাণ কফি সরবরাহ করার কথা ছিল তা সংগ্রহ করতেই সংগ্রাম করছেন অনেক রফতানিকারক।’

এদিকে গত সপ্তাহের বেচাকেনার শেষদিন বুধবার মার্চের সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম কমেছে। এ সময় প্রতি টন কফি ৫ হাজার ১৩৯ ডলারে বেচাকেনা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২৯ ডলার কম।

ব্যবসায়ীরা ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড ২ রোবাস্তা কফি মার্চের সরবরাহ চুক্তির তুলনায় টনে ১৫০ ডলার ছাড়ে বেচাকেনা করছেন।

বিশ্বে কফি উৎপাদনে আরেক শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। দেশটির সুমাত্রার রোবাস্তা কফি বিন জানুয়ারি ও ফেব্রুয়ারির সরবরাহ চুক্তির তুলনায় টনপ্রতি ২০০-২৩০ ডলার ছাড়ে অফার করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অপরিবর্তিত।

আরেক ব্যবসায়ী লন্ডনের দামের সঙ্গে মিল রাখতে মার্চে সরবরাহের তুলনায় ২৩০ ডলার ছাড়ে কফি বিন বেচাকেনা করছেন। গত সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল ১৫০ ডলার।

আরও