চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান ফক্সকন দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রেকর্ড পরিমাণ আয় করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই প্রযুক্তির চাহিদা বেড়ে যাওয়ায় আয় বেড়েছে। তবে তারা বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা ও মুদ্রাবাজারের অস্থিরতা ভবিষ্যতের প্রবৃদ্ধিতে চাপ তৈরি করতে পারে। খবর রয়টার্স।
ফক্সকন জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের আয় বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৯৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৭৯ হাজার ৭০০ কোটি নিউ তাইওয়ান ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৮২ শতাংশ বেশি। এ আয় বাজারের পূর্বাভাসের ১ লাখ ৭৮ হাজার ৯৬০ কোটিকে ছাড়িয়ে গেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এনভিডিয়াসহ বিভিন্ন গ্রাহকের জন্য ক্লাউড ও নেটওয়ার্কিং পণ্যের চাহিদা ছিল বেশি। ফলে এ বিভাগে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে আইফোনসহ স্মার্ট কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যে আয় আগের বছরের তুলনায় স্থির ছিল, যার পেছনে প্রধান কারণ মুদ্রা বিনিময় হারজনিত প্রভাব।
এদিকে জুনে ফক্সকনের আয় ১০ দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ২৩ কোটি নিউ তাইওয়ান ডলার। মাসিক হিসাবে এটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ আয়।
ফক্সকন জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে আয় আগের তিন মাস ও আগের বছরের একই সময়ের তুলনায় বাড়তে পারে বলে তারা আশা করছে। তবে তারা বলেছে, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি ও মুদ্রাবাজারের ওঠানামা নিয়মিতভাবে নজরে রাখতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের কাছে শুল্ক হারসংক্রান্ত চিঠি পাঠানোর ঘোষণা দিয়েছেন, যা ভবিষ্যতে প্রযুক্তি পণ্যের রফতানিতে প্রভাব ফেলতে পারে।