এশিয়ার স্পট মার্কেটে দুই মাসের সর্বনিম্নে এলএনজির দাম

এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম গত সপ্তাহে দুই মাসের সর্বনিম্নে নেমে এসেছে।

এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম গত সপ্তাহে দুই মাসের সর্বনিম্নে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূল থাকায় বাজারে জ্বালানি পণ্যটির চাহিদা কম। এছাড়া প্রয়োজনের তুলনায় মজুদ বাড়তি থাকায় বেশ কয়েকদিন ধরেই এশিয়ার বাজারে নিম্নমুখী রয়েছে এলএনজির দাম। খবর বিজনেস রেকর্ডার।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য গত সপ্তাহে স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ছিল ১০ ডলার ৬৬ সেন্ট, যা অক্টোবরের শুরুর পর সর্বনিম্ন। এর আগের সপ্তাহে এমএমবিটিইউয়ে এলএনজির দাম ছিল ১০ ডলার ৯০ সেন্ট।

ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বিশ্লেষক ক্লাস ডোজেম্যান বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রমে প্রবৃদ্ধি দেখা যায়নি। চীনের উৎপাদন খাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ৪৯ দশমিক ২-এ নেমে এসেছে। ফলে এ দেশেও এলএনজির চাহিদা কম। এছাড়া মৌসুমের স্বাভাবিক সময়ের তুলনায় তুলনামুলক কম ঠাণ্ডা। এ কারণে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম আরো কমেছে।’

তিনি আরো বলেন, ‘পরিবহন ব্যয় উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাওয়ার কারণে এশিয়ার ক্রেতা দেশগুলোর জন্য বাড়তি চাপ তৈরি হয়েছে। ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে প্রতিযোগিতায় এশিয়াকে বাড়তি প্রিমিয়াম (মূল্য সংযোজন) দিয়ে এলএনজি ক্রয় করতে হচ্ছে।’

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানিয়েছে, নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) আদর্শে উত্তর-পশ্চিম ইউরোপে জানুয়ারিতে সরবরাহের জন্য গত বৃহস্পতিবার প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ৮ ডলার ৭৯ সেন্ট। এটি টিটিএফের (নেদারল্যান্ডসের একটি ভার্চুয়াল গ্যাস ট্রেডিং হাব) ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্যের তুলনায় ৪৫ সেন্ট কম।

আর্গাস এ দাম নির্ধারণ করেছে প্রতি এমএমবিটিইউয়ে ৮ ডলার ৮৩ সেন্ট। স্পার্ক কমোডিটিজও প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ৮ ডলার ৮৩ সেন্ট।

সেব কেনেডি নামের এক স্বতন্ত্র বিশ্লেষক জানান, উত্তর-পশ্চিম ইউরোপে এলএনজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে শীতকালে মজুদ কমে যাওয়ার আশঙ্কা কম। এমন প্রেক্ষাপটে সামনের দিনগুলোয় জ্বালানি পণ্যটির দাম আরো কমতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

এদিকে ইউরোপ ও এশিয়ায় কমলেও যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ হেনরি হাবে (এইচএস) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গত সপ্তাহে প্রতি এমএমবিইউ এলএনজির দাম ছিল ৫ ডলারের ওপরে, যা গত বছরের পর সর্বোচ্চ। দামের এ ঊর্ধ্বমুখিতার প্রভাবে এইচবি ও টিটিএফে দামের ব্যবধান ২০২১ সালের এপ্রিলের পর সর্বনিম্নে নেমেছে।

বাজার বিশ্লেষকরা জানান, দেশটিতে এলএনজির মূল্য বৃদ্ধির অন্যতম কারণ উত্তর-পূর্বাঞ্চলে শৈত্যপ্রবাহ এবং এলএনজি প্লান্টগুলোয় ফিডগ্যাসের চাহিদা বৃদ্ধি (এলএনজি প্লান্টে তরলীকরণের জন্য যে গ্যাস সরবরাহ করা হয়)।

স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, গত সপ্তাহে আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় অক্টোবরের পর প্রথমবারের মতো কমে দৈনিক ১ লাখ ৩০ হাজার ডলারে নেমে এসেছে। এ সময় প্রশান্ত মহাসাগরীয় পথে জ্বালানি পণ্যটির পরিবহন ব্যয় কমে দাঁড়িয়েছে দৈনিক ৮৭ হাজার ৫০০ ডলারে।

আরও