তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের মেয়াদ চলতি বছরের ২৩ ডিসেম্বর শেষ হবে। ফান্ড দুটিকে মেয়াদি থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের বিষয়ে আলোচনা ও ভোট গ্রহণ করা হবে। এজন্য উভয় ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের সঙ্গে সভা আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর। রেকর্ড ডেটে যাদের কাছে ফান্ড দুটির ইউনিট থাকবে তারাই সভায় অংশ নিতে পারবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ফান্ড দুটি গতকাল পৃথকভাবে এ তথ্য জানিয়েছে।
এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড: ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) আগামী ৩০ অক্টোবর বেলা ১১টায় ইউনিটহোল্ডারদের সঙ্গে সভা আহ্বান করেছে। সভায় ফান্ডের মেয়াদ শেষ হওয়ার পর এটি বেমেয়াদি ফন্ডে রূপান্তরে (হ্যাঁ/না) বিষয়ে আলোচনা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান: ফান্ডটির ট্রাস্টি বিজিআইসি আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় ইউনিটহোল্ডারদের সঙ্গে সভা আহ্বান করেছে। সভায় একই এজেন্ডার বিষয়ে আলোচনা ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (অক্টোবর-জুন) ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৯ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ৯ টাকা ৬৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরে ইউনিটপ্রতি আয় ছিল ২০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৯ টাকা ৬২ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ৯ টাকা ৬৫ পয়সায়।