ফিউচার মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার টানা তৃতীয় দিনের মতো কমেছে জাপানি রাবারের দর। শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে সপ্তাহব্যাপী ছুটিকে সামনে রেখে বাজারে তারল্য কমে যাওয়ায় এ দরপতন দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) জুলাইয়ে সরবরাহ চৃক্তিতে গত শুক্রবার জাপানি রাবারের দাম দশমিক ৭ ইয়েন বা দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য নেমে এসেছে ৩৪৭ দশমিক ১ ইয়েনে (২ ডলার ২৬ সেন্ট)। এছাড়া গত সপ্তাহজুড়ে ফিউচার মার্কেটে জাপানি রাবারের দরপতনের হার ছিল দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) মে মাসের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ২৩৫ ইউয়ান বা ১ দশমিক ৪২ শতাংশ কমে আসে। শুক্রবার প্রতি টনের মূল্য দাঁড়ায় ১৬ হাজার ৩১৫ ইউয়ানে (২ হাজার ৩৬১ ডলার)। তবে সপ্তাহ ভিত্তিতে এ চুক্তির দাম বাড়ে ১ দশমিক ৭৪ শতাংশ। একই এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে বুটাডিন রাবারের দাম ৩৩০ ইউয়ান বা ২ দশমিক ৫৭ শতাংশ কমে টনপ্রতি ১২ হাজার ৫০৫ ইউয়ানে নেমে আসে।
এলএসইজির তথ্যানুযায়ী, চীনের চান্দ্র নববর্ষের ছুটিকে সামনে রেখে বাজারে তারল্য ও কেনাবেচার পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। বহু চীনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান উৎপাদন সাময়িকভাবে বন্ধ বা রক্ষণাবেক্ষণে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। ফলে আগামী সপ্তাহে কাঁচামালের চাহিদা উল্লেখযোগ্য মাত্রায় কমতে পারে।