আরব আমিরাতে কমল জ্বালানির মূল্য

বিশ্বব্যাপী কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি মাসে পেট্রল ও ডিজেলের মতো জ্বালানি পণ্যের দাম কমে এসেছে।

বিশ্বব্যাপী কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি মাসে পেট্রল ও ডিজেলের মতো জ্বালানি পণ্যের দাম কমে এসেছে। দেশটির জ্বালানির মূল্য নির্ধারণ কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াম। খবর দ্য ন্যাশনাল নিউজ।

এর আগে জানুয়ারিতে পেট্রলের দাম স্থিতিশীল থাকলেও ফেব্রুয়ারিতে তা প্রায় ৫ শতাংশ বেড়েছিল। চলতি মাসের জন্য আরব আমিরাতে প্রতি লিটার সুপার ৯৮-এর দাম নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৭৩ দিরহাম। এটি ফেব্রুয়ারির তুলনায় প্রায় দশমিক ৪ শতাংশ কম। স্পেশাল ৯৫-এর দাম লিটারপ্রতি ২ দশমিক ৬১ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় দশমিক ৮ শতাংশ কম।

এছাড়া প্রতি লিটার ডিজেলের দাম ধরা হয়েছে ২ দশমিক ৭৭ দিরহাম। এটি ফেব্রুয়ারির ২ দশমিক ৮২ দিরহামের তুলনায় প্রায় ১ দশমিক ৮ শতাংশ কম। ই-প্লাস ৯১ লিটারপ্রতি ২ দশমিক ৫৪ দিরহামে বিক্রি হচ্ছে, যা আগের মাসের ২ দশমিক ৫৫ দিরহামের তুলনায় প্রায় দশমিক ৪ শতাংশ কম।

সংযুক্ত আরব আমিরাতে ২০১৫ সালের আগ পর্যন্ত নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে ছিল জ্বালানির দাম। এরপর নিয়ন্ত্রিত ব্যবস্থার বাইরে এনে বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছে। দেশটিতে জ্বালানি পণ্যের দাম বৈশ্বিক জ্বালানি তেলের বাজারের ওঠানামার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গত বছর থেকে দাম উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হচ্ছে। এর পেছনে ভূমিকা রাখছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের পরিবর্তন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতি নিয়ে উদ্বেগ।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পুনরায় বাণিজ্যযুদ্ধ শুরু হলে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এতে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদায় নেতিবাচক প্রভাব পড়বে।

আরও