১৬ ব্যাংক থেকে আরো প্রায় ১৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চলতি ডিসেম্বরের প্রথম ১০ দিনেই রেকর্ড ১ হাজার ২৯০ মিলিয়ন বা ১২৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। ফলে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে আবারো ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।

চলতি ডিসেম্বরের প্রথম ১০ দিনেই রেকর্ড ১ হাজার ২৯০ মিলিয়ন বা ১২৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। ফলে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে আবারো ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ১৬টি ব্যাংক থেকে গতকাল কিনেছে ১৪৯ মিলিয়ন বা প্রায় ১৫ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুদ্রাবাজারের বিনিময় হার বাজারভিত্তিক করার পর দর নিয়ন্ত্রণে রাখতে গত ১৩ জুলাই ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে অর্থাৎ ডলারের দর যাতে কমে না যায় সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা হচ্ছে।

এ তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে। ১২২ টাকা ২৫ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা দরে বৃহস্পতিবার ১৬ ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে ১৪ কোটি ৯০ লাখ ডলার।’ আগের মতোই বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়েছে বলেও জানান তিনি।

বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম থেকেই ডলারের দর কমতে শুরু করে। একসময় তা ১২১ টাকা ৫০ পয়সার নিচে নেমে আসে। তাই দাম ধরে রাখতে নিলামে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। গত ১৩ জুলাই থেকে মাল্টিপল প্রাইস অকশনের মাধ্যমে ডলার কেনার কার্যক্রম শুরু হয়। চলতি অর্থবছরে এ পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ২৬৬ কোটি ৩০ লাখ বা ২ দশমিক ৬৬ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও