ইলোন মাস্কের মালিকানাধীন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) প্রস্তুতকারক টেসলা ভারতে উৎপাদনে আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির শিল্পমন্ত্রী এইচডি কুমারস্বামী। সম্প্রতি ভারতে ইভি উৎপাদন উৎসাহিত করতে দেশটির সরকার নতুন একটি প্রণোদনা স্কিমের নির্দেশনা প্রকাশ করেছে। এ বিষয়ে আলোচনার সময় টেসলা সম্পর্কে মন্তব্যটি আসে। খবর বিবিসি।
প্রতিবেদন অনুসারে, গত মার্চে নানা ধরনের প্রণোদনা প্রস্তাবের পরও ভারতীয় বাজারে ইলোন মাস্ক বিনিয়োগ করতে রাজি হননি। এই প্রথম ভারত সরকার প্রকাশ্যে বিষয়টি স্বীকার করল।
ভারতের শিল্পমন্ত্রী জানান, টেসলা ভারতে দুটি শোরুম খুলবে এবং খুচরা বিক্রি করবে। মার্সিডিজ বেঞ্জ, স্কোডা-ফক্সওয়াগন, হুন্দাই ও কিয়া ভারতে ইভি তৈরিতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু টেসলা থেকে তেমন কিছু আশা করা যাচ্ছে না।
টেসলার একজন প্রতিনিধি ভারতীয় পক্ষের সঙ্গে প্রথম দফার আলোচনায় অংশ নিলেও দ্বিতীয় ও তৃতীয় দফায় তিনি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। এছাড়া গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘টেসলা ভারতে কারখানা তৈরি করলে তা যুক্তরাষ্ট্রের জন্য অন্যায় হবে।’
কয়েক বছর ধরেই ভারতীয় বাজারে প্রবেশ নিয়ে টেসলা আলোচনা করে আসছে। ২০২২ সালে বাজার যাচাই করতে গাড়ি রফতানি করতে চেয়েছিল কোম্পানিটি। কিন্তু ভারত সরকার স্থানীয়ভাবে গাড়ি তৈরির ওপর জোর দেয়ায় টেসলার মূল পরিকল্পনা স্থগিত হয়ে যায়। ২০২৩ সালে মাস্ক জানান, ভারতীয় বাজারে বিনিয়োগের জন্য সঠিক সময় খুঁজছেন তিনি।
চলতি বছরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মাস্ক। তারা প্রযুক্তি ও উদ্ভাবনের ‘অফুরন্ত সম্ভাবনা’ নিয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, স্থানীয়ভাবে বিনিয়োগের জন্য টেসলার কাছে ভারতীয় ইভি বাজার যথেষ্ট পরিপক্ব নয়।
বর্তমানে ভারতের ইভি বাজারে টাটা মোটরসের অংশীদারত্ব ৬০ শতাংশ। ভারত ও চীনা সংস্থার যৌথ মালিকানাধীন এমজি মোটরসে অংশীদারত্ব ২২ শতাংশ।