বাংলাদেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান) স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭০১ টন আলু নেপালে রফতানি করা হয়েছে। এস্টারিকসসহ কয়েকটি জাতের আলু বোঝাই ৮১টি ট্রাক বন্দরের কার্যক্রম শেষে সড়কপথে সীমান্ত অতিক্রম করে। গত বৃহস্পতিবার এ বিপুল পরিমাণ আলু রফতানি করে দেশের কয়েকটি রফতানিকারক প্রতিষ্ঠান।
এর আগে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টন আলু নেপালে পাঠানো হয়েছিল। এ নিয়ে এই বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ৪১৫ টন আলু রফতানি হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান জানান, নেপালে বাংলাদেশের আলুর চাহিদা বেশ ভালো। এ কারণে রফতানিকারকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত আলু সংগ্রহ করে তা রফতানি করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আলুর ট্রাকগুলো বন্দর এলাকায় প্রবেশ করলে প্রয়োজনীয় পরীক্ষার পর ছাড়পত্র দেয়া হয়।