ভিয়েতনামের চালের দাম বেড়েছে

এশিয়ার চালের বাজারে ভিয়েতনামের চালের রফতানি মূল্য প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। চাহিদা বাড়ায় দেশটির বন্দরগুলোয় চাল পাঠানোর প্রস্তুতি বেড়েছে।

এশিয়ার চালের বাজারে ভিয়েতনামের চালের রফতানি মূল্য প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। চাহিদা বাড়ায় দেশটির বন্দরগুলোয় চাল পাঠানোর প্রস্তুতি বেড়েছে। অন্যদিকে ভারত ও থাইল্যান্ডের বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম তুলনামূলকভাবে স্থিতিশীল বা কিছুটা কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম গত সপ্তাহের শেষভাগে টনপ্রতি ৩৯৫ থেকে ৪০০ ডলারে পৌঁছায়, যা আগের সপ্তাহের ৩৮১ ডলার থেকে বেশি। হো চি মিন সিটির এক ব্যবসায়ী জানান, চাহিদা বাড়ায় বিভিন্ন দেশের বন্দরে চাল পাঠানোর জন্য জাহাজের সংখ্যা বেড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের মেকং ডেল্টা অঞ্চলে গ্রীষ্ম শরৎ মৌসুমের ফসল সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ফলে বাজারে নতুন চালের সরবরাহ বাড়ছে।

ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৭৫ থেকে ৩৮০ ডলারে স্থির রয়েছে। একই ধরনের সাদা চাল বিক্রি হচ্ছে টনপ্রতি ৩৭২-৩৭৭ ডলারে। কলকাতার এক ব্যবসায়ী বলেন, ‘‌ক্রেতারা ধীরে ধীরে ক্রয়াদেশ দিচ্ছেন। কারণ দাম আরো কমার সম্ভাবনা নেই। তাছাড়া রুপির বিনিময় হার পতনে রফতানিকারকরা কিছুটা সুবিধা পাচ্ছেন।’

অন্যদিকে থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৩৭০-৩৭৫ ডলারে নেমে এসেছে, যা আগের সপ্তাহে ছিল ৩৮০-৩৮৫ ডলার। ব্যাংককের এক ব্যবসায়ী জানান, বাজারে চাহিদা দুর্বল থাকায় দাম আরো কমতে পারে। আগস্টে সরবরাহ বাড়ার সম্ভাবনায় ক্রেতারা আপাতত অপেক্ষা করছেন।

এদিকে বাংলাদেশে চালের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। সরকারি প্রচেষ্টা সত্ত্বেও দেশটির অভ্যন্তরীণ বাজারে মোটা চালের দাম গত মাসের তুলনায় ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে কেজিপ্রতি ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।

আরও