দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি এক্সচেঞ্জটির সার্বিক সূচক ডিএসইএক্স ১০ মাসের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক ৯২ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৩৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১১৪ পয়েন্ট। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ২২ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৭১ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা ও বিএসআরএম লিমিটেডের শেয়ার।
ডিএসইতে গতকাল ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত ছিল ৫৮টির বাজারদর।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কহার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাদের সক্রিয় অংশগ্রহণের ফলে বাজারে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১১ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। খাদ্য ও আনুষঙ্গিক খাত ৭ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ১ শতাংশ।
গতকাল ডিএসইতে একটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। এছাড়া সিরামিক খাতে ২ দশমিক ৯, তথ্যপ্রযুক্তি খাতে ২ দশমিক ৮ ও সিমেন্ট খাতে ২ দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে সাধারণ বীমা খাতে দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৭২ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ২৭০ দশমিক ১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত ছিল ২৭টির বাজারদর। গতকাল সিএসইতে ২০ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ কোটি ৮০ লাখ টাকা।