ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ টন আতপ চাল নিয়ে এমভি এমডি এসইএ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় (প্যাকেজ-১) ভিয়েতনাম থেকে মোট এক লাখ টন চাল আমনানি করা হবে। চুক্তি মোতাবেক এরই মধ্যে ৬০ হাজার টন চাল দেশে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
সরকারি মজুদ বাড়াতে গত জানুয়ারিতে ভিয়েতনাম থেকে এক লাখ টন আতপ চাল কেনার এ প্রস্তাবে অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশনের কাছ থেকে প্রতি টন ৪৭৪ দশমিক ২৫ ডলারে এ চাল আমদানি করা হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।