আকিজ রিসোর্সের ডিলার ও পরিবেশকদের কালেকশন সেবা দেবে এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্সের মধ্যে ‘অ্যাডভান্স ক্যাশ ম্যানেজমেন্ট’-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় শিল্পগোষ্ঠীটির সারা দেশের ডিলার ও পরিবেশকদের নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও আধুনিক কালেকশন সেবা দেয়া হবে। এর মাধ্যমে এনসিসি ব্যাংকের যেকোনো শাখায় কাউন্টারের মাধ্যমে নগদ বা চেক জমা, ‘এনসিসি অলওয়েজ’ অ্যাপে তাৎক্ষণিক লেনদেন এবং পৃথক ভার্চুয়াল অ্যাকাউন্ট (ভিএএন) সুবিধা পাওয়া যাবে। এছাড়া ইআরপি সিস্টেমের সঙ্গে সমন্বিত রিয়েল টাইম পেমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে অর্থ জমা দেয়া যাবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে এনসিসি উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান (ডিএমডি) এবং আকিজ রিসোর্সের প্রতিনিধি পরিচালক ও গ্রুপ কোম্পানি সচিব মো. রুহুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন। তিনি বলেন, ‘এ অংশীদারত্ব করপোরেট গ্রাহকদের জন্য আধুনিক ট্রানজেকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।’

তিনি জানান, এ উদ্যোগ আকিজ রিসোর্সের সংগ্রহ ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ, দ্রুত ও নিরাপদ করবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক খাতের বিকাশেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসভিপি ও এসএমই প্রধান শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম এবং এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা। অন্যদিকে আকিজ রিসোর্সের পক্ষে ছিলেন চিফ ট্রেজারি অফিসার মো. শেখ সাদী, ডেপুটি ম্যানেজার (ট্রেজারি) মুফতি মো. আতিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ট্রেজারি) মোহাম্মদ আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও