শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) শুক্রবার সয়াবিনের দাম দ্বিতীয় দিনের মতো বেড়েছে। যদিও সাপ্তাহিক দরপতনের মুখেই ছিল খাদ্যশস্যটির বাজার। কম দামের কারণে চাহিদা বেশি থাকলেও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা মূল্যবৃদ্ধিকে সীমিত করেছে। খবর বিজনেস রেকর্ডার।
সিঙ্গাপুরের এক শস্য ব্যবসায়ী বলেন, ‘বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ সয়াবিনের সরবরাহ থাকায় দাম বাড়ার সম্ভাবনা কম। বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সয়াবিনের চাহিদা কমে যাচ্ছে।’
সিবিওটিতে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে সয়াবিনের দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য স্থির হয়েছে ১০ ডলার ৫৬ সেন্ট। এ সময় গমের দাম ঊর্ধ্বমুখী হয়েছে দশমিক ৭ শতাংশ। বুশেলপ্রতি মূল্য পৌঁছেছে ৫ ডলার ৩৪ সেন্টে। ভুট্টার দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি বুশেলের মূল্য দাঁড়িয়েছে ৪ ডলার ৭৩ সেন্টে। সপ্তাহজুড়ে সয়াবিনের দাম কমেছে দশমিক ৩ শতাংশ। অন্যদিকে ভুট্টা ও গমের দাম যথাক্রমে ২ দশমিক ৬ ও ২ শতাংশ কমেছে।