মূলত বিশ্বজুড়ে মেমোরি চিপের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানায় সেমিকন্ডাক্টর জায়ান্টটি। খবর রয়টার্স।
আগামী বছরের শুরুতে সরবরাহ করা সার্ভারগুলোয় নতুন দাম কার্যকর হবে। এতে এনভিডিয়ার ভেরা রুবিন ও গ্রেস ব্ল্যাকওয়েল চিপযুক্ত সার্ভারও থাকছে। তবে সব সার্ভারের দাম একই হারে বাড়বে না। এনভিডিয়ার চিপের প্রজন্ম ও সার্ভারে ব্যবহৃত মেমোরির ধরন ও পরিমাণের ওপর দাম বাড়ার হার নির্ভর করবে।
বড় ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য চুক্তিভিত্তিক সার্ভার তৈরি করে এমন কয়েকটি কোম্পানি এরই মধ্যে গ্রাহকদের সম্ভাব্য দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। এসব গ্রাহকের মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগল ও ওরাকলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান।
এনভিডিয়ার চিপ বর্তমানে বিশ্বজুড়ে এআই অবকাঠামো তৈরির অন্যতম প্রধান উপাদান। এআই পরিষেবা চালাতে প্রয়োজনীয় ডেটা সেন্টারে এসব চিপ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ফলে এনভিডিয়ার চিপের দাম বাড়লে এআই অবকাঠামো তৈরির খরচেও এর প্রভাব পড়তে পারে।
বিশ্লেষকরা বলছেন, মেমোরি চিপের দাম সাম্প্রতিক সময়ে দ্রুত বেড়েছে। এ কারণে এনভিডিয়ার চিপযুক্ত সার্ভারের উৎপাদন খরচও বাড়ছে। সার্ভার নির্মাতারা সে বাড়তি খরচের একটি অংশ গ্রাহকদের ওপর চাপিয়ে দিতে চাইছে।
এদিকে শিগগিরই দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা এনভিডিয়ার। এ ফলাফলের দিকে প্রযুক্তি ও বিনিয়োগকারীদের নজর রয়েছে। এআই খাতে বিপুল বিনিয়োগের কারণে কোম্পানিটি এখন পুরো এআই প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ সূচক হিসেবেও বিবেচিত হচ্ছে।
তবে সার্ভারের দাম ঠিক কতটা বাড়বে, তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি। প্রতিবেদনের তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে এনভিডিয়ার কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।