অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন ও বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস’ ডিগ্রিও অর্জন করেছেন তিনি। বসুন্ধরা গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য রিটজ-কার্লটন হোটেলে সম্প্রতি ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স ২০২৬’-এর ৪৩তম আসরে ইয়াশা সোবহানকে এ সম্মাননা দেয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশ্বের বিভিন্ন দেশের পেশাজীবী ও কৃতী ব্যক্তিদের স্বীকৃতি জানাতে এ আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন ও বিকাশে কাজ করছেন। শিশুদের সক্ষমতা বিকাশ, সহায়ক পরিবেশ তৈরি এবং সমাজে তাদের স্বতন্ত্র পরিচয় ও সম্ভাবনাকে গুরুত্ব দেয়ার বিষয়গুলো তার কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসা উন্নয়ন ও ব্র্যান্ড নির্মাণের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি।