এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে খোলা আটার দাম কেজিতে ৫ এবং ময়দার ৮-১০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় পাইকারিতে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। তবে প্যাকেটজাত আটা ও ময়দার দাম স্থিতিশীল রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের সরদার স্টোরে খোলা আটা বিক্রি হয়েছে খুচরা পর্যায়ে প্রতি কেজি ৪০ টাকায়। ময়দা প্রতি কেজি বিক্রি হয়েছে ৫৫ টাকা। ৮-১০ দিন আগেও ময়দা ৪৬ টাকা এবং আটা প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হয়।
হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল হাকিম বণিক বার্তাকে বলেন, ‘বাজারে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে প্রতি কেজি আটায় ৪ টাকা এবং ময়দায় ৭-৮ টাকা দাম বেড়েছে। ফলে খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে।’
তিনি আরো বলেন, ‘এ সময় প্যাকেটজাত আটা ও ময়দার দাম স্থিতিশীল রয়েছে। প্যাকেটজাত ময়দা প্রতি কেজি ৬৫ এবং আটা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।’
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, হঠাৎ দাম বাড়ার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। শুধু সরবরাহ কম নাকি ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে, তা তদন্ত করে জানতে হবে।