খেজুরসহ রমজান মাসের সব নিত্যপণ্যের দাম আগামী সাতদিনের মধ্যে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় গতকাল বিসিক চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ (সিইটিপি) বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা ট্যানারি মালিকদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাতদিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।’
তিনি বলেন, ‘এবারের রমজানে সবকিছুই মজুদ রয়েছে। আশা করি বাজারকেন্দ্রিক কোনো সমস্যা হবে না।’
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা দেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।