রুশ বাজারে পুনরায় প্রবেশের ইঙ্গিত দিয়েছে হুন্দাই মোটর কোম্পানি। স্থানীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, চলতি মাসে দেশটির মেধাস্বত্ববিষয়ক সংস্থা রোসপেটেন্টে অন্তত আটটি নতুন ট্রেডমার্ক নিবন্ধন করেছে দক্ষিণ কোরিয়ার অটো জায়ান্টটি।
২০২২ সালের মার্চে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় সব কার্যক্রম স্থগিত করে হুন্দাই। প্রতিষ্ঠানটি ওই সময় যন্ত্রাংশ সরবরাহে জটিলতা ও বাজার পরিস্থিতির অবনতি উল্লেখ করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।
নতুন ট্রেডমার্ক নথিভুক্তির মাধ্যমে হুন্দাই রাশিয়ায় আবার উৎপাদন ও বিপণনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রেডমার্কগুলোর আওতায় প্রতিষ্ঠানটি রাশিয়ায় যাত্রীবাহী গাড়ি, বাস, ট্রাক্টর, ভারী ট্রাক এবং এসব বাহনের যন্ত্রাংশ ইঞ্জিন, চাকা, টায়ার প্রভৃতি তৈরি ও বিক্রি করতে পারবে। ট্রেডমার্কগুলোর বৈধতা থাকবে ২০৩৪ সাল পর্যন্ত।
নিবন্ধিত মডেলগুলোর বৈচিত্র্য দেখে ধারণা করা হচ্ছে, হুন্দাই যাত্রীবাহী ও বাণিজ্যিক পরিবহন দুই খাতেই আবার সক্রিয় হতে চায়। এর আগে হুন্দাইয়ের সহযোগী প্রতিষ্ঠান কিয়াও রাশিয়ায় নতুন ট্রেডমার্কের জন্য আবেদন করেছিল।
২০২২ সালে বাজার থেকে প্রত্যাহারের সময় হুন্দাই তাদের সেন্ট পিটার্সবার্গ কারখানা ১২ কোটি ডলার থেকে কিছুটা বেশি দামে বিক্রি করে দেয়। তবে তখন তারা দুই বছরের জন্য পুনরায় ক্রয়ের চুক্তি রেখে দেয়। সে সময়সীমা শেষ হবে চলতি বছরের শেষ দিকে।
বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হুন্দাইসহ অনেক আন্তর্জাতিক কোম্পানি রাশিয়ার বাজারে ফেরার কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। গত মাসেই এলজি ইলেকট্রনিকস তাদের মস্কোর হোম অ্যাপ্লায়েন্স কারখানায় পুনরায় উৎপাদন শুরু করেছে। একইভাবে ইতালির এরিস্টোনও রুশ বাজারে ফেরার ঘোষণা দিয়েছে।
বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও আন্তর্জাতিক অটোমোবাইল শিল্পের বড় প্রতিষ্ঠানগুলোর রাশিয়ার প্রতি আগ্রহ নতুন করে গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষাপটে হুন্দাইয়ের ট্রেডমার্ক নিবন্ধনকে রাশিয়ায় পুনরায় প্রবেশের সম্ভাব্য বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার প্রচেষ্টায় কিছু অগ্রগতিও দেখা গেছে। যার প্রভাব পড়েছে ব্যবসায়িক খাতেও।