মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ও ঝুঁকি বাড়ার প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দামে। এরই মধ্যে আন্তর্জাতিক আদর্শ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে উঠেছে, এমনটা সর্বশেষ দেখা গিয়েছিল গত মে মাসে।
সামরিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের মিত্র হুথিরা গতকাল ইয়েমেনের বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেয় এবং লোহিত সাগর উপকূল ধরে কৌশলগত দ্বীপগুলোর দিকে অগ্রসর হয়। ইরানের সঙ্গে যুদ্ধ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর শেষ হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে।
হুথিদের এ অগ্রযাত্রা আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করেছে। একই সময়ে ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও সীমিত রয়েছে।
আল জাজিরা জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী গতকাল দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার্সের দাম ১ ডলার ৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ ডলার ৬৮ সেন্টে পৌঁছে।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ৪৫ সেন্টে লেনদেন হচ্ছে।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা বাড়ায় সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে উভয় প্রধান বেঞ্চমার্কের দামই মে মাসের মাঝামাঝির পর প্রথমবারের মতো চলতি সপ্তাহে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে।
গতকাল উভয় বেঞ্চমার্কের দামই ৬ শতাংশের বেশি বেড়েছিল।
অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ঝুঁকি আরো তীব্র হয়েছে। একইসঙ্গে বিশ্বজুড়ে বন্ডের ইল্ড নতুন উচ্চতায় উঠেছে, যা শেয়ারবাজারেও চাপ তৈরি করেছে। জাপান বাদ দিয়ে সংকলিত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারের সবচেয়ে বিস্তৃত সূচক এমএসসিআইয়ের সূচক ১ দশমিক ৮ শতাংশ কমেছে।