বিডা-বেজা-বেপজা

নয় মাসে এসেছে প্রায় ১ বিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগ প্রস্তাব

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)—এ তিন সংস্থায় চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) প্রায় ১ বিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগ প্রস্তাব এসেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)—এ তিন সংস্থায় চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) প্রায় ১ বিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগ প্রস্তাব এসেছে। এক যৌথ বিবৃতিতে গতকাল এ তথ্য জানিয়েছেন বিডা ও বেজা।

বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত মোট ৭৫ কোটি ৬০ লাখ ডলারের (৯ হাজার ২৪৭ কোটি টাকা) নিট বিদেশী বিনিয়োগ এসেছে। বিগত নয় মাসে বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধন করেছে, যার মধ্যে ৬৬টি সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন ও ৬১টি যৌথ বিনিয়োগ। এদিকে বেজা ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে, যার মধ্যে ছয়টি পুরোপুরি বিদেশী মালিকানাধীন ও তিনটি যৌথ উদ্যোগ। এছাড়া বেপজা মোট ৩১টি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তি করেছে। সব মিলিয়ে মোট প্রস্তাবিত বিদেশী বিনিয়োগ এসেছে প্রায় ১ বিলিয়ন ডলার (১২ হাজার ২২০ কোটি টাকা)।

বিবৃতিতে বলা হয়, বিডার মূল দায়িত্ব নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দেশী-বিদেশী শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে অর্থবহ সংযোগ সৃষ্টি করে একটি শক্তিশালী বিনিয়োগ পাইপলাইন গঠন করা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ নির্দিষ্ট খাতভিত্তিক সেশনের মাধ্যমে বিটুবি নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা করা হয়, যা ব্যবসায়ী চেম্বার, ব্যাংক ও বেসরকারি খাতের অন্য অংশীদারদের সক্রিয় সহযোগিতায় আয়োজন করা হয়।

এদিকে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরকারী চীনের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ ও ইলেকট্রনিক খাতে ১০০টিরও বেশি বিটুবি বৈঠকের আয়োজনের কথা জানায় বিডা।

এছাড়া প্রস্তাবিত বিনিয়োগ পরিপক্বতা লাভে সময় প্রয়োজন হয়, যা বিনিয়োগ প্রচারের ক্ষেত্রে একটি স্বীকৃত বাস্তবতা। বিনিয়োগকারীদের সহায়তা প্রদান বিডার কার্যক্রমের অন্যতম প্রধান ভিত্তি। শিল্প প্রতিনিধির সঙ্গে যৌথভাবে জ্ঞান, দক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উচ্চমানের এফডিআই আকর্ষণে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে বিডা ও বেজা।

আরও